প্রথম আলোর যুগপূর্তি আজ
সত্যের প্রতি নৈতিক বাধ্যবাধকতা, প্রধানত দেশ ও জনগণের প্রতি আনুগত্য এবং ঘটনা থেকে নিজের দূরত্ব ও স্বাতন্ত্র্য বজায় রাখার মতো সাংবাদিকতার অত্যাবশ্যকীয় উপাদানকে মানদণ্ড মেনে দিন, মাস, বছরের পরীক্ষায় পাঠকের আস্থা অর্জন করে আজ যুগ পূর্ণ করছে প্রথম আলো। ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করেছিল প্রথম আলো। সংবাদে বস্তুনিষ্ঠতা আর পেশায় সততাকে মূল ধরে প্রথাগত সাংবাদিকতার গণ্ডিকে অতিক্রম করেছে প্রথম আলো। পাঠকের আস্থাকে সম্মান জানাতে সাংবাদিকতার পরিসরকে একটু ছাড়িয়ে বৃহত্তর মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নানা পর্যায়ে, নানা মাত্রায় অংশ নিয়েছে। নিজেকে নতুন শতকের, নতুন সহস্রাব্দের উপযোগী করে তুলতে গত এক যুগের অক্লান্ত প্রয়াস-পরিক্রমায় আজকের রূপ পেয়েছে প্রথম আলো। স্বার্থান্বেষী মহলের চাপ উপেক্ষা করে প্রথম আলো তার সত্যনিষ্ঠায় অবিচল থেকেছে। ফলে সঙ্গী হিসেবে পেয়েছে ক্ষমতার ভারকেন্দ্র থেকে দূর থাকা দেশের অগণিত সাধারণ মানুষের প্রবল আস্থা ও প্রগাঢ় ভালোবাসা। এই আস্থা ও ভালোবাসার শক্তিই প্রথম আলোকে নিয়ে গেছে প্রচারসংখ্যায় শীর্ষে। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) প্রতিবেদন তথা সরকারি হিসাবেই প্রথম আলো বিক্রির সংখ্যা চার লাখ ছয় হাজার। আজ যুগপূর্তির বিশেষ সংখ্যা হিসেবে প্রথম আলো ছাপা হলো চার লাখ ৮৭ হাজার চারটি। এখন প্রতিদিন শুধু ঢাকায় প্রথম আলোর প্রচারসংখ্যা দুই লাখের ওপরে। অনলাইনে প্রথম আলোর প্রতিদিনের পাঠকসংখ্যা প্রায় আট লাখ। আর প্রতিদিন ই-প্রথম আলোর পাঠকসংখ্যা সাড়ে তিন লাখ। যুগপূর্তির এই দিনটিকে প্রথম আলো সারা দেশে তার অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়েই উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। ঢাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে রয়েছে ‘দেশের কথা দেশের গান’ নামে বরেণ্য ব্যক্তিত্বদের আলোচনা ও জননন্দিত শিল্পীদের গান। এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। ঢাকা ও দেশের প্রতিটি জেলা শহরসহ ১২৫টি স্থানে আজ পালিত হচ্ছে যুগপূর্তির অনুষ্ঠান। এতে থাকবে শোভাযাত্রা। ইভ টিজিং ও এসিড-সন্ত্রাস প্রতিরোধ এবং মাদককে ‘না’ বলার পাশাপাশি দেশকে আরও ভালোবাসার আহ্বান জানানো হবে এসব শোভাযাত্রা থেকে। কাল শুক্রবার ঢাকায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হবে ১২ বছরের নির্বাচিত কার্টুন, আলোকচিত্র ও প্রকাশনার বিশেষ প্রদর্শনী। আরও থাকবে পাপেট ও মাইম শোসহ আকর্ষণীয় আয়োজন। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান চলবে বিকেল চারটা পর্যন্ত।