প্রথম আলোর সংবাদে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের আগাম জামিন ও দণ্ডিত অপরাধীদের গণজামিন দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা। তাঁরা গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে প্রথম আলোর কপিতেও আগুন ধরিয়ে দেন। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তারা প্রথম আলোর প্রতি বিষোদগার করে পত্রিকাটি নিষিদ্ধ করারও দাবি তোলেন। গতকাল দুপুর একটায় বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা সমিতির দক্ষিণ হলে জড়ো হন। বিএনপি সমর্থক আইনজীবী রুহুল কুদ্দুস ওরফে কাজল সভা শুরু করে বলেন, তথ্য-সন্ত্রাস চালানো হচ্ছে। মনগড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ছবি প্রকাশের মধ্য দিয়ে আইনজীবী সমাজের চরিত্র হনন করা হয়েছে। বিএনপি সমর্থক আইনজীবী মুন্সী আহসান কবির বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচারপতি শরীফউদ্দিন চাকলাদের বেঞ্চ নিয়ে প্রথম আলো প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে ৫৮ সেকেন্ডে একটি মামলায় জামিনের কথা বলা হয়। বলা হয়েছিল, বিচারপতি চাকলাদার বিশেষ দলকে বিশেষভাবে প্রতিকার দিয়েছেন। ওই সময় আদালত অবমাননার মামলা করতে গেলেও জ্যেষ্ঠ কোনো আইনজীবীকে পাইনি। ২০০৮ সালে আদালত অবমাননার মামলা করি।’ জামায়াত সমর্থক আইনজীবী হিসেবে পরিচিত তাজুল ইসলাম বলেন, প্রতিবেদনের মাধ্যমে বিচারপতি ও আদালতকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। প্রথম আলো আজ যে কাজ করেছে, তা অতীতের স্পর্ধা ছাড়িয়ে গেছে। দুজন বিচারপতির ছবি ছাপিয়ে তাঁদের দুর্নীতিবাজ প্রমাণ করতে চেষ্টা করেছে। তিনি সুপ্রিম কোর্টে প্রথম আলো নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। বঙ্গবন্ধুর দুই খুনির আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনে তিনটি গোষ্ঠীকে কটাক্ষ করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। তাই পত্রিকাটির প্রকাশক, সম্পাদক ও লেখকের নিঃশর্ত ক্ষমা দাবি করছি।’বিএনপি জোট সরকারের সাবেক আইন কর্মকর্তা বদরুদ্দোজা বাদল বলেন, বিচার বিভাগের গায়ে, আইনজীবীদের পেশায় হাত দেওয়া হয়েছে। মো. আসাদুল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রের একটি স্বাধীন অঙ্গ। কিছু লোক চেষ্টা করছে এই প্রতিষ্ঠানকে ধমক দিতে। এটি শুধু দুজন বিচারপতির বিষয় নয়, সব বিচারপতির জন্যই হুমকি। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, পত্রিকার খবরে যে আদালতের কথা বলা হয়েছে, ওই আদালতে আইনজীবী সমিতির সভাপতি বেশি জামিন নিয়েছেন। বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক নিতাই রায় চৌধুরী বলেন, দুজন বিচারপতির ছবি ছাপানো অবমাননাই নয়, বরং সুপ্রিম কোর্টকে বিশৃঙ্খল (ডিজঅর্ডার) দেখাতে চাইছে তারা। প্রথম আলোর সম্পাদক ও লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বিএনপির নেতা জয়নুল আবেদীন বলেন, প্রথম আলোর সংবাদ স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ। আইনজীবী সমিতিকে সাধারণ সভা ডাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সাধারণ আইনজীবীরা রেজ্যুলেশন দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধান বিচারপতি বলেছেন, কমিটি হয়েছে। কিন্তু প্রতিবেদন প্রকাশিত হয়নি। তিনি প্রশ্ন রাখেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে দুজন বিচারপতির ছবিসহ সংবাদ প্রকাশে আইন ভঙ্গ হয়েছে কি না। তিনি প্রধান বিচারপতিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটা বিচার বিভাগের ওপর হামলা। বিচারপতিদের সম্মান চাই। প্রথম আলো আগুন দিয়ে জ্বালিয়ে দেব।’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল হক বিচার বিভাগের সম্মান ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভা থেকে তিন দফা দাবি জানানো হয়। সভায় উপস্থিত না থাকলেও বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম স্বাক্ষরিত তিন দফা দাবিতে বলা হয়—আগামী দুই দিনের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে জরুরি সভা করতে হবে। তা না হলে তলবি সভা ডাকা হবে। বিচার বিভাগের মর্যাদাহানিকর কোনো সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। অন্যথায় আইনজীবীরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সর্বশেষ প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভা শেষে জয়নুল আবেদীনসহ আইনজীবীরা সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষে ভিড় জমান। কয়েকজন আইনজীবী প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেন, গালাগাল করেন। পরে শাহজাদা ও জামিল আক্তার এলাহীর নেতৃত্বে কয়েকজন আইনজীবী সমিতি ভবনের সামনে প্রথম আলোর কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে ২০-২৫ জন আইনজীবী মিছিলও করেন। সভায় বিএনপি জোট সরকারের সাবেক আইন কর্মকর্তা ফাহিমা নাসরিন, ফিরোজ শাহ, জামিল আক্তার এলাহী প্রমুখ বক্তব্য রাখেন। আইনজীবী সমিতির বক্তব্য: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, দুজন বিচারপতির ছবি ছাপার ফলে জনমনে বিচার বিভাগ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়। অবাধ তথ্যপ্রবাহের যুগে সংবাদপত্র পাঠকের উদ্দেশে তথ্য পরিবেশন করতে পারে। এ ক্ষেত্রে কেউ সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদও করতে পারেন। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারেন। এর বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত উপায়ে প্রতিবাদ জানানো কাম্য নয়।