প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে কামাল মজুমদারের মানহানির মামলা
সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বিশেষ প্রতিনিধি অরূপ দত্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করা হয়।মহানগর হাকিম শাহাদৎ হোসেন সাংসদের জবানবন্দি নিয়ে সম্পাদক ও প্রতিবেদককে হাজির হওয়ার জন্য সমন জারি করার আদেশ দেন। আগামী ১৩ জানুয়ারি সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।কামাল মজুমদার আদালতকে বলেন, ২৫ অক্টোবর ‘সাংসদ কামাল মজুমদারের দখলবাজি, হাসপাতালের জায়গায় পোশাক কারখানা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। মিথ্যা তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে আমার ব্যঙ্গচিত্রও প্রকাশ করা হয়। যার মাধ্যমে সামাজিকভাবে তিনি হেয় হয়েছেন। তিনি আরও বলেন, যে জায়গা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, তা শিল্প কারখানা করার জন্য আমাকে বিকল্প প্লট হিসেবে দেওয়া হয়েছে। এটি আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের জায়গা নয়। ওই সংবাদ প্রকাশের আগে আমার লোকের কাছে প্রতিবেদক চাঁদাও দাবি করেছেন। শুনানি শেষে আদালত মামলার বিবাদীদ্বয়ের প্রতি সমন জারির আদেশ দেন।চাঁদাবাজির মামলা: সাংসদ কামাল মজুমদার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরূপ দত্তের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় আরেকটি মামলা করেছেন। এ মামলায় চাঁদাবাজি, হুমকি ও মানহানির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, ২১ অক্টোবর বেলা ১১টার দিকে মিরপুর ১৪ নম্বরের এম-১/বি প্লটে প্রতিবেদক পরিচয়দানকারী অরূপ দত্ত সাংসদের একান্ত সহকারী মোজাম্মেল হকের কাছে জানতে চান, মিরপুর ১৪ নম্বর সেকশনে সাংসদ কামাল মজুমদার পাঁচ কাঠা জমি দখল করেছেন, এ বিষয়ে তিনি জানেন কি না। মোজাম্মেল হক ওই প্রতিবেদককে বলেন, দখলের বিষয়ে তিনি জানেন না। এ সময় প্রতিবেদক বলেন, ‘সাংসদকে জিজ্ঞাসা করুন, তিনি আমাকে দুই লাখ টাকা চাঁদা দেবেন কি না। টাকা না দেওয়া হলে তিনি পত্রিকায় প্রতিবেদন ছাপবেন।’অভিযোগে বলা হয়, ২১ অক্টোবর থেকে ওই সাংবাদিক মিরপুর ১৪ নম্বরের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা পিয়ারে মোস্তফা, ইব্রাহিম, ইসমাইল হোসেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের তাজুল ইসলাম, করিমুল হকসহ আশপাশের লোকজনকে কামাল মজুমদারের কাছ থেকে চাঁদা এনে দিতে হুমকি দেন। তিনি তাদের দেখে নেওয়ার হুমকি দেন। ২৫ অক্টোবর ওই সাংবাদিক ক্ষিপ্ত হয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় সাংসদের বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেন।অভিযোগে আরও বলা হয়, সাংবাদিক অরূপ দত্ত ইচ্ছাকৃতভাবে অসত্য প্রতিবেদন প্রকাশ করে সাংসদের ১০০ কোটি টাকার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছেন।