প্রথম আলোর সাংবাদিককে পেটালেন লক্ষ্মীপুরের মেয়র
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের আজ শুক্রবার বিকেলে প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমকে পিটিয়েছেন। আধা ঘণ্টা আটকে রাখার পর খবর না ছাপানোর মৌখিক আশ্বাস নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলম সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।স্থানীয়েরা বলেন, মেয়র আবু তাহের লক্ষ্মীপুর-রামগতি সড়কের মার্কাজ মসজিদসংলগ্ন স্থানে জমি দখল করে পৌরসভার প্রস্তাবিত নিউমার্কেটের জন্য সাইনবোর্ড লাগান। এ সময় ছবি তুলতে গেলে মেয়র আবু তাহের রেগে গিয়ে এম জে আলমকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। পরে কলার চেপে ধরে কিল-ঘুষি মারেন। এম জে আলমের চিত্কার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলেও কেউ ভয়ে তাঁকে উদ্ধার করতে সাহস পায়নি। এম জে আলম বলেন, ‘দখলের ছবি তুলতে তাহেরের অনুমতি কেন নিইনি—এ কথা বলে গালমন্দ শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করেন। মারতে মারতে গাড়িতে তুলে নেন। তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। তাত্ক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করি। এ নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করব। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’লক্ষ্মীপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা ধিক্কার জানাই। ন্যক্কারজনকভাবে হামলা করে সংবাদপত্রের কণ্ঠরোধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।’ লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’