দিনের শুরুতেই আশরাফুল ও পরে অধিনায়ক সাকিব আর রকিবুলকে হারিয়ে ৯৮/৬-এ পরিণত হয়েছিল বাংলাদেশ। গতকাল ৫৯ রানের মধ্যে তামিম, নাফীস আর ইমরুল কায়েস আউট হওয়ার পর আজ ১০০ রানের মধ্যে আরও তিনজনের ধাক্কা বাংলাদেশ সামলাতে পারবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু ইদানীং ক্রমশ বাংলাদেশের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে ওঠা মাহমুদউল্লাহ আর উইকেট রক্ষক মুশফিকুর রহিম লড়াই চালিয়ে গেলেন। আর এ লড়াইয়ে চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২৮। মুশফিকুর রহিম ৪৪ রানে আউট হয়ে গেলেও মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৬৩ রানে। ভালোই খেলছিলেন মুশফিকুর রহিম। একটি বড় ইনিংস খেলার ক্ষেত্র নিজেই প্রস্তুত করেছিলেন। ৪৪ রান থেকে এ সংগ্রহকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল তাঁর কাছে। কিন্তু অমিত মিশ্রের বলে স্পিনের বিপরীতে সুইপ করতে গিয়ে বীরেন্দর শেবাগের হাতে ধরা পড়ে সেই প্রত্যাশার বুকে ছুরি মেরেছেন তিনি। এরপর শাহাদাত নেমে কয়েকটি আনন্দদায়ী স্ট্রোকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকদের মাতিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন ভারতের স্কোরের কাছাকাছি। ভালো খেলতে খেলতেই সেই শাহাদাত আবার পয়েন্টে মিশ্রের বলে পয়েন্টে যুবরাজ সিংয়ের হাতে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ভারতের সংগ্রহ থেকে বাংলাদেশ এক রানে পিছিয়ে প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২৪২ রানে। অঙ্কের হিসাবে এক রানে পিছিয়ে থাকলেও প্রাথমিক ব্যর্থতার হিসেবে একে ভালোই বলাই যায়। তবে দুর্ভাগ্য, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল না বাংলাদেশ।