১৮৯৮ সালের ২৯ মে। বিকেলবেলায় ঢাকার বুকে প্রথম পা রাখলেন রবীন্দ্রনাথ। তখন তিনি স্বাদেশিকতায় উদ্দীপ্ত। আগে থেকেই ভেবে এসেছিলেন, জাতীয় রাজনৈতিক কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবেন। তখন পর্যন্ত ইংরেজিতেই চলত সম্মেলনের কথাবার্তা।এটি ছিল বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিন দিন ছিল সম্মেলনের মেয়াদ। আগের বছর নাটোরে যে সম্মেলন হয়, তাতেই ঠিক হয়, পরবর্তী সম্মেলন হবে ঢাকায়।কেমন ছিল সে সময়ের ঢাকা? ঢাকা তখন বুড়িগঙ্গাপারের এক মফস্বল শহর। নবাবি আমলে পরিত্যক্ত শহরটি তখনো ব্রিটিশদের সুনজরে আসেনি। রবীন্দ্রনাথ তখন রাজনীতি-তৎপর ছিলেন। বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে বাংলা প্রদেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতো। এটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসেরই ভাবধারায় একটি প্রাদেশিক রাজনৈতিক সমিতি। সে সময় বাঙালি শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশদের শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল।কবির তখন ৩৭ বছর বয়স। তত দিনে তাঁর সাহিত্যখ্যাতি ছড়িয়ে পড়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি মেলে দিয়েছেন তাঁর ডানা। ৩০ বছর বয়সে রবীন্দ্রনাথের ওপর অর্পিত হয়েছিল পূর্ববঙ্গে অবস্থিত জমিদারি দেখার ভার। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর এই সন্তানকেই জমিদারি রক্ষার দায়িত্ব দিলেন। পতিসর, শাহজাদপুর আর শিলাইদহের সাধারণ মানুষের জীবনযাপন দেখে এবং বাংলার প্রকৃতির কাছে এসে রবীন্দ্রনাথের লেখা আরও পরিপুষ্ট হয়ে উঠল। তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে এভাবেই তাঁর আত্মিক যোগাযোগ স্থাপিত হয়েছিল ১৮৯০ সালের দিকে। কিন্তু ১৮৯৮ সালের আগে ঢাকা ছিল তাঁর অপরিচিত শহর।কলকাতা থেকে কবি ঢাকায় রওনা দেন ২৭ মে, অসুস্থ শরীরে। ঢাকায় পৌঁছান ২৯ মে। প্রতিনিধিদের থাকার ব্যবস্থা হয়েছিল বিচ্ছিন্নভাবে জগন্নাথ কলেজ, পোগোজ স্কুল, আদালতপাড়া ও নদীতীরে সাহেবপাড়ার কয়েকটি বাড়িতে। সাহেবপাড়ার বাড়িতেই রবীন্দ্রনাথ, বিশিষ্ট অতিথি রেভারেন্ট কালীচরণ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের থাকার ব্যবস্থা হয়েছিল। রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আশুতোষ চৌধুরী, যোগেশচন্দ্র চৌধুরী, প্রমথ চৌধুরী, গগনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ঠাকুরও সম্ভবত সেবারই প্রথম ঢাকায় আসেন।ঢাকার ক্রাউন থিয়েটারে সম্মেলন শুরু হয়েছিল ৩০ মে ঠিক দুইটার সময়। রবীন্দ্রনাথ সক্রিয়ভাবেই অংশ নিয়েছিলেন সম্মেলনে। উদ্বোধনী ও সমাপ্তি সংগীত দুটোও গেয়েছিলেন তিনি। তবে কোন গানগুলো গেয়েছিলেন, তা এখন আর নির্দিষ্ট করে বলার উপায় নেই। প্রথম দিন সভার সভাপতি রেভারেন্ট কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ইংরেজি ভাষণের বাংলা সারসংক্ষেপ শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কণ্ঠে সূচনাসংগীতের পর সভার সভাপতি গায়ক-কবিকে ‘সুইট-সিঙ্গার’ আখ্যা দিয়ে অভিনন্দিত করেছিলেন। দ্বিতীয় দিন সভা শুরু হয়েছিল দুপুর সাড়ে ১২টায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংরেজি ভাষায় উত্থাপন করেছিলেন প্রস্তাব, রবীন্দ্রনাথ সে প্রস্তাবগুলোরও বঙ্গানুবাদ করে দেন। তৃতীয় দিন সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ পরবর্তী সম্মেলনস্থলের নাম প্রস্তাব করেন। সম্মেলনের শেষ দিন রাতে তিনি একাই শিলাইদহের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।ঢাকা সম্মেলন সফল করার জন্য আয়োজকেরা প্রচুর খরচ করেছেন। জমকালো অনুষ্ঠান, স্টিমার পার্টি, আনন্দ-উৎসব, খাওয়া-দাওয়া ইত্যাদিতে যে অনর্থক খরচ করা হয়েছিল, তাতে রবীন্দ্রনাথ অখুশি হয়েছিলেন। সম্মেলনের দ্বিতীয় দিন রবীন্দ্রনাথ নদীবিহার ও তৃতীয় দিন সম্মেলন শেষে নর্থব্রুক হলের সান্ধ্যভোজে উপস্থিত ছিলেন। ঢাকাপ্রকাশ-এ লেখা হয়, ‘নর্থব্রুক হলে একটি ইভনিংপার্টি হইয়াছিল।...পার্টিতে বাবু চন্দ্রনাথ রায়ের পরে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরও একটি গান করিয়া সকলকে সুখী করিয়াছিলেন।’ঢাকা সম্মেলনে কিছু ব্যর্থতা থাকলেও ইতিবাচক দিকও কম ছিল না। এখানে যেমন মাতৃভাষা ব্যবহারের চর্চা হয়েছে, তেমনি রাজদ্বারে আবেদন-নিবেদনের বাইরে নিজের চেষ্টায় দেশের ইতিবাচক পরিবর্তন আনার বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯২৬ সালে দ্বিতীয়বার ঢাকায় এসে করোনেশন পার্কে এক সংবর্ধনার উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘বহুকাল আগে আর একবার এই ঢাকা নগরীতে এসেছিলাম সেদিনকার রাষ্ট্রীয় প্রাদেশিক সম্মিলনীর অধিবেশন উপলক্ষে।...দেশের হিত কিসে হয়, তার বাঁধা কী, সে বাঁধা দূর হতে পারে কোন উপায়ে, দেশের লোককে সেই কথাটিই ভাবিয়ে তোলাই দেশহিতের প্রথম ও প্রধান কাজ, কিন্তু এই ভাবনার চর্চা বন্ধ ছিল ইংরেজি জানা অল্প কয়েকজনের মধ্যেই। এই সংকীর্ণ বেষ্টনীর মধ্যে দেশসেবার যে সাধনা বিদেশী ভাষার শৃঙ্খলে শৃঙ্খলিত হয়েছিল তাকে তার আপন ভাষার মধ্যে মুক্তি দেওয়ার জন্যই এখানে এসেছিলাম। আমার বিশ্বাস আমার সেদিনকার সে চেষ্টা সফল হয়েছিল, তারপর থেকে প্রাদেশিক রাষ্ট্রিয় সম্মিলনীতে ইংরেজি ভাষার প্রভূত্ব দূর হয়ে গেছে। মাতৃভাষার প্রতি দেশসেবকদের উপেক্ষা ঘুচিয়ে দেওয়ার জন্য ঢাকায় ৩দিন কাল চেষ্টা করেছিলাম, সে-স্মৃতি আমার মনে আছে।’রবীন্দ্রনাথ দ্বিতীয়বার ঢাকায় আসেন ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি। ছিলেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তত দিনে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ নিয়ে তিনি লিখে ফেলেছেন অনেকগুলো স্বদেশ পর্যায়ের গান, যার একটি এখন আমাদের জাতীয় সংগীত। এরই মধ্যে ১৯১৩ সালে তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। তাই ১৯২৬ সালে ৬৭ বছর বয়সে যে রবীন্দ্রনাথ দ্বিতীয় বা শেষবারের মতো ঢাকায় আসেন, তখন তিনি শুধু বাংলার কবি নন, বিশ্বকবি। কবির সঙ্গে ঢাকাবাসীর প্রীতির বন্ধনের প্রকাশ হিসেবেই ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি-লিট উপাধিতে ভূষিত করেছিল।