প্রথম গানারাস পুরস্কার পাচ্ছেন ভারতের কামাল বাওয়া
বৈজ্ঞানিক কাজের মাধ্যমে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী কামাল বাওয়াকে নরওয়ের আন্তর্জাতিক ‘গানারাস সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।নরওয়ের ‘রয়েল নরওয়েজিয়ান সোসাইটি অব সায়েন্সেস অ্যান্ড লেটারস’ (ডিকেএনভিএস) চলতি বছর থেকে এই পুরস্কার প্রবর্তন করেছে। প্রথমবারের মতো ড. কামাল বাওয়া এই পুরস্কার পেতে যাচ্ছেন। কামাল বাওয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আগামী ১৭ এপ্রিল নরওয়ের ট্রনডেইমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, পুরস্কার পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. কামাল বলেন, ‘আমাদের কাজের স্বীকৃতি দেওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি।’ ডিকেএনভিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ক্রিস্টিয়ান ফশেইম জানান, প্রথম গানারাস অ্যাওয়ার্ডের জন্য জীববিজ্ঞানী কামালকে মনোনীত করতে পেরে তাঁরা খুব খুশি।বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম—এমন বিশিষ্ট বৈজ্ঞানিক কাজের জন্য প্রতি দুই বছর অন্তর গানারাস পুরস্কার দেওয়া হবে। রেইনফরেস্ট অঞ্চলের ‘পপুলেশন বায়োলজি’র ওপর কাজ করে বিশ্বজুড়ে পথিকৃতের মর্যাদা লাভ করেন ড. কামাল। তিনি মধ্য আমেরিকা, ভারতের ওয়েস্টার্ন ঘাট ও হিমালয়—এই বিশাল অঞ্চলের ওপর জীব বৈচিত্র্য নিয়ে গবেষণা করেন। তিনি ভারতের বেঙ্গালুরুর অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।