দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে প্রথম দফায় ছয়টি জেলার ৫৪টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। জেলাগুলো হলো দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ। আজ সোমবার সকাল সাতটায় শুরু হয়ে বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়।নির্বাচনকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য বুথপ্রতি পুলিশের সঙ্গে একজন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিয়োগ করা হয়। এই ৫৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৬৪ প্রার্থী। ৯৭ লাখ ৪২ হাজার ১২৮ জন ভোটার তাঁদের ভোট প্রদান করেন। ১২ হাজার ১৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ জন্য ৪০ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হয়। এক হাজার ৮০০ ভোটকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়। নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রে ভিডিও ক্যামেরাও লাগানো হয়।প্রথম দফার আজকের ভোটে আজ ভাগ্যনির্ধারিত হবে ১১ জন মন্ত্রীর। তাঁরা হলেন অশোক ভট্টাচার্য, পরেশ অধিকারী, অনন্ত রায়, বিশ্বনাথ চৌধুরী, শ্রীকুমার মুখার্জি, নারায়ণ বিশ্বাস, আনোয়ারুল হক, ক্ষিতি গোস্বামী, কিরণময় নন্দ, দশরথ তিরকে ও শৈলেন সরকার।