বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এখন চলছে ‘বিজয়ের নাট্য উৎসব’। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সপ্তাহব্যাপী এই উৎসবের আহ্বায়ক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। কথা হলো তাঁর সঙ্গে।‘বিজয়ের নাট্য উৎসব’ আয়োজনের ব্যাপারে আপনাদের কোন ভাবনাটা কাজ করেছে?এবার বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। এটা দেশের সবার মতো আমাদের নাট্যকর্মীদের জন্যও একটি উল্লেখযোগ্য ব্যাপার। পাশাপাশি দ্য ডেইলি স্টার পত্রিকার ২০ বছর এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩০ বছর পূর্তি হচ্ছে। আমরা মঞ্চের মধ্য দিয়ে গণমানুষের কথা বলি, পত্রিকাও তা-ই করে। এই দৃষ্টিকোণ থেকেই ‘বিজয়ের নাট্য উৎসব’ আয়োজন করা হয়েছে।এই উৎসবে ঢাকার ২১টি নাটকের দল অংশ নিচ্ছে। ঢাকার বাইরের নাটকের দলগুলোকে আমন্ত্রণ জানাননি কেন?আসলে এখানে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যখন এই উৎসব চূড়ান্ত করা হয়, তখন থেকে আমরা হাতে খুব অল্প সময় পেয়েছি। তাই ঢাকার বাইরের দলগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর এখানে বাজেটও আরেকটি বড় ব্যাপার।এবার দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে একসঙ্গে উৎসবের নাটকগুলোর প্রদর্শনী হচ্ছে। প্রথম দিন থেকেই দর্শকের যথেষ্ট ভিড় লক্ষ করছি। আশা করছি, উৎসবের শেষ দিন ৩১ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকবে।সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে একটা বরাদ্দ দেওয়ার কথা শুনেছিলাম। ওটার কী খবর?আমরাও শুনেছিলাম অর্থ মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে থিয়েটার চর্চার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে এক কোটি টাকা অনুদান দেবে। এরপর আমরা বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছি। আর সেগুলো সংস্কৃতি মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেছে, এখনো সেই অনুদানের টাকার দেখা মেলেনি। এ কারণে আমাদের কর্মসূচিগুলোও ঝুলে আছে। জানি না, আদৌ তা পাওয়া যাবে কি না।সামনে আর কোনো বড় উৎসবের পরিকল্পনা আছে?রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বছরের মাঝামাঝি একটা বড় উৎসব আয়োজনের পরিকল্পনা হচ্ছে। শিগগিরই সবকিছু চূড়ান্ত করা হবে।