প্রথম দিনে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটামুটি শান্তিপূর্ণভাবে গতকাল মঙ্গলবার দেশের উপকূলীয় ১১টি জেলার ২৪টি উপজেলার ১৯০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোলার সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, কেন্দ্র দখলসহ জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে তিনজন পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে ছয়টি গুলিসহ ম্যাগাজিন ছিনতাই করেছে সন্ত্রাসীরা। ভোট দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে ভোলা, বরগুনা ও পটুয়াখালীতে ৪১ জনকে আটক করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল; সেই তুলনায় কম ছিল পুরুষ ভোটার। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর বাউফল; পিরোজপুরের স্বরূপকাঠি; বরগুনার পাথরঘাটা ও বামনা; ঝালকাঠির কাঁঠালিয়া; খুলনার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও দীঘলিয়া; সাতক্ষীরার সদর, দেবহাটা ও আশাশুনি; বাগেরহাটের রামপাল ও মংলা; কক্সবাজারের কুতুবদিয়া এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদগুলোয় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।পুলিশকে মারধর, ব্যালট বাক্স ছিনতাই: গতকাল সকালে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের হাজিরহাট এম হোসেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী মো. লোকমান পাটওয়ারীর কর্মীরা লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। এ সময় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ওই কর্মীদের কেন্দ্র ছেড়ে চলে যেতে বললে তাঁরা পুলিশের ওই কর্মকর্তা, সেপাই তপন ও আনসারের সেপাই নুরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জখম করে। আতঙ্কে লোকজন দিগ্বিদিক ছুটোছুটি করে। এ ফাঁকে লোকমানের কর্মীরা ভোট দেওয়ার কক্ষে ঢুকে ব্যালট পেপারে সিল দেওয়ার চেষ্টা করলে ইউপি সদস্য প্রার্থী সফিকুল ইসলামের কর্মীরা বাধা দেন। শুরু হয় দুই সদস্য প্রার্থীর কর্মীদের সংঘর্ষ। লোকমানের কর্মীরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করলে পুলিশ আটটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একদল সন্ত্রাসী পুলিশের পাঁচটি গুলিসহ একটি ম্যাগাজিন ছিনিয়ে নেয়। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ছিনতাই করা কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সংঘর্ষের ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।এ ছাড়া জাল ভোট দেওয়া, পোলিং এজেন্ট ও কর্মীদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করা নিয়ে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ৯ নম্বর, পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়া ইউনিয়নের ২ নম্বর, দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর, দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পৃথক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় চরকিং ইউনিয়ন ও তমরদ্দি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে।কারাদণ্ড, আটক, জরিমানা: ভোলার ভেদুরিয়ার ওই কেন্দ্রে পুলিশকে মারধর, ব্যালট বাক্স ছিনতাই ও প্রভাব বিস্তারের দায়ে ভ্রাম্যমাণ আদালত ইউপি সদস্য প্রার্থী লোকমান পাটওয়ারী, সফিকুল ইসলাম, মো. সাদেক এবং তাদের কর্মী মঞ্জুরুল আলম, নুরে আলম ও সুমনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া ভোলার ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খুলনার বটিয়াঘাটায় একটি কেন্দ্রের পোলিং এজেন্টরা বাইরে বেরিয়ে উল্লাস করলে পুলিশ নুরুল ইসলাম ও রফিকুল নামের দুই পোলিং এজেন্টকে আটক করে। মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শফিকুল ইসলামের একজনকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বরগুনার বামনা উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়েছে চারজনকে। উপজেলার কেশবপুর ইউনিয়নের ফজলুল হক ছালেহিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতর অনিয়মের অভিযোগে বিভিন্ন প্রার্থীর ১৬ জন এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের পালপাড়ায় হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনিরুজ্জামানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিরোজপুরের স্বরূপকাঠির দৈহাড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টু আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।তিন প্রার্থীর নির্বাচন বর্জন: ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউপির তিন চেয়ারম্যান প্রার্থী গজনবী টিপু, নওশাদ আলম ও খাদিজা বেগম গতকাল ভোট গ্রহণের এক ঘণ্টা পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁদের অভিযোগ, অপর চেয়ারম্যান প্রার্থী ইফতেয়ারুল হাসান ও তাঁর কর্মীরা ওই তিন প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন। প্রভাবিত করার অভিযোগ: খুলনার দীঘলিয়ার গাজীরহাট ইউনিয়নে খুলনা-৪ আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন তাঁর ভাই চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবদুর রবের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের প্রভাবিত করেছেন বলে প্রতিপক্ষ প্রার্থীরা অভিযোগ করেছেন। তবে সাংসদ ওই অভিযোগ অস্বীকার করেন। আজ ২৪টি ইউপির নির্বাচন: আজ বুধবার পটুয়াখালী জেলার দশমিনা, পিরোজপুরের কাউখালী, বাগেরহাটের চিতলমারী এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।