প্রথম দিনেই আমিরের চমক
গত রোববার সকালটা একটু অন্য রকমই ছিল ভারতীয় টিভি দর্শকদের কাছে! তাদের আগ্রহই বলে দিচ্ছে, বেশ আলোড়ন ফেলবে আমির খানের ‘সত্যমেব জয়তে’ শোটি। প্রথম দিনেই আমির জানিয়ে দিলেন, ‘আমার অনুষ্ঠানে কোনো খলনায়ক নেই। আমরা কেবল সমস্যার কথা তুলে ধরব সবার সামনে।’ ভারতের দৈনন্দিন নানা সামাজিক সমস্যা উঠে আসবে শোটিতে। প্রথম পর্বে ছিল কন্যাশিশু জন্মদানের পরে মায়েদের গঞ্জনা সওয়ার বিষয়টি। এই ব্যাপারে কথা বলতে এসেছিলেন ভারতের বিভিন্ন প্রদেশের একাধিক নারী। আমির বললেন, ‘এই সমস্যাগুলোর সমাধান কিংবা প্রতিকার করার মতো কেউ নই আমি। এমনকি সরকারও পারে না তা করতে। আমি কেবল পারি বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে। সমাধান মিলবে তখনই, যখন প্রত্যেকে বলবে—আমি এই কাজ করব না।’ বিভিন্ন জরিপ থেকে জানা গেছে, রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এবং রাত সাড়ে ১০টায় ভারতে প্রায় সর্বাধিকসংখ্যক দর্শক দেখেছে এই অনুষ্ঠান। তাদের অনেকেই মন্তব্য করেছে, চলচ্চিত্রে আমির খান যেমন বিষয়বৈচিত্র্য ও নিজের অভিনয় দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন, ছোট পর্দায় এসেও তেমনটিই করেছেন তিনি। আইএএনএস।