প্রথম দিনেই ধুঁকছে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটসম্যানদের চিরচেনা ব্যাটিং-ব্যর্থতায় মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় মুশফিকুর রহিমের দল। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেদের সব কটি উইকেট অক্ষত রেখেই বাংলাদেশের সংগ্রহকে প্রায় স্পর্শ করে ফেলেছে পাকিস্তান।প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৩২ রান। মোহাম্মদ হাফিজ ৭৪ ও তৌফিক ওমর ৫৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত মাত্র ৩ রানে পিছিয়ে মিসবাহ-উল হকের দল। পাকিস্তানি ব্যাটসম্যানরা যেভাবে খেলছেন, তাতে সফরকারী দলের প্রথম ইনিংস কোথায় গিয়ে শেষ হয়—বাংলাদেশের জন্য বড় শঙ্কা এটাই।বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘সামর্থ্য’ আরেকবার পরীক্ষা করে নিতেই যেন সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মিসবাহ-উল-হক। সেই পরীক্ষায় ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন, বলার অপেক্ষা রাখে না। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটসম্যান। এভাবে ধুঁকতে ধুঁকতে নিজেদের প্রথম ইনিংস ১৩৫ রান পর্যন্ত টেনে নিতে সক্ষম হয় বাংলাদেশ। নাসির হোসেন (৪১), নাজিমউদ্দীন (৩১) ও মাহমুদউল্লাহ (১৮) ছাড়া কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের হয়ে আব্দুর রেহমান ও সাঈদ আজমল তিনটি করে এবং উমর গুল ও এইজাজ চিমা দুটি করে উইকেট শিকার করেন।ব্যাটসম্যানদের লজ্জাজনক ব্যাটিংয়ের পর সফলতা পাননি বাংলাদেশি বোলাররাও। ৩৮ ওভার বোলিং করে উইকেটের দেখা পাননি কেউই। স্বাগতিক বোলারদের হতাশায় ডুবিয়ে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের উদ্বোধনী দুই ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক ওমর। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩৫নাসির ৪১, নাজিম উদ্দীন ৩১পাকিস্তান প্রথম ইনিংস: ১৩২/০(প্রথম দিনের খেলা শেষে)হাফিজ ৭৪, ওমর ৫৩টস: পাকিস্তান