প্রথম দিনের রিমান্ডে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন
ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে প্রথম দিনের মতো রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় কারাগারের পুলিশের গাড়িতে করে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তারা জানতে চেয়েছেন, জনগণের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের জন্য ১১ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও মাত্র ১৩ হাজার ৬৫টি শেয়ার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কেন? অবশিষ্ট ১১ লাখ ৭১ হাজার ১৮৬টি শেয়ার ইস্যু না করেই সে অর্থ কোথায় রেখেছেন তাঁরা। এই অর্থ কোথায় পাচার করা হয়েছে? এ বিষয়ে জানতে দুদকের পরিচালক ও স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামের নেতৃত্বে আট সদস্যদের তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি মাল্টিপারপাসের হিসাব থেকে ২৭০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৮২৪ টাকা ঋণ হিসেবে ডেসটিনি গ্রুপেরই ১৪টি অলাভজনক প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের ৮৪ কোটি টাকা বিনিয়োগ দেখানো হলেও বাস্তবে ওই প্রতিষ্ঠানে মাত্র নয় কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৬৫ টাকা বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে। উপরন্তু কোনো লাভ না হলেও ডায়মন্ড বিল্ডার্স থেকে ৬৮ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার ৯৯৭ টাকা নিজেদের লভ্যাংশ হিসাবে তুলে নিয়েছেন পরিচালকেরা। এ ছাড়া ডেসটিনির অন্যান্য প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম করে শুধু ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে মোট ১৪৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৫৫৭ টাকা লভ্যাংশ নিয়েছেন তাঁরা। এর আগে গত বুধবার দুপুরে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের দুটি মামলায় নয় দিন করে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম গত ৩১ জুলাই ডেসটিনির বিরুদ্ধে দুটি মানি লন্ডারিং মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র হস্তান্তর ও আত্মসাত্ করেছেন।