প্রথম দুই ম্যাচ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহির খানের সঙ্গে তামিম ইকবালের ব্যাটে-বলে দ্বৈরথটায় তামিমের দাপুটে প্রভাবটা চেখে চেখে উপভোগ করে আমাদের অনূর্ধ্ব-১৯ দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় আসন্ন বিশ্ব যুব কাপ ক্রিকেটে অংশ নিতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে। বলা ভালো, মিরপুর ছেড়েছে। যাত্রা প্রারম্ভে ওদের অবস্থান ছিল আমাদের হোম অব ক্রিকেটসংলগ্ন গ্রামীণ ফোন জাতীয় ক্রিকেট একাডেমি আবাসনে। রাত সাড়ে নয়টার ফ্লাইট ধরতে রওনা হওয়ার আগে আইডিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রথমাংশ দেখার সুখস্মৃতি ওদের সঙ্গী হলো বিমানবন্দরমুখী বাসে ওঠার সময়। ভারতের বিরুদ্ধে ২৯৬ রানের ইনিংসটা যেন এক প্রত্যয়ী ব্যাটিংয়ের উত্তরাধিকার দিয়ে মাহমুদুল হাসানের দলকে নিউজিল্যান্ড পাঠাল। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করা ২৬০ রান এবং সে সংগ্রহের ভেতর আশরাফুলের স্থিরধী চিত্তের উঁকি মারা বাংলাদেশের ব্যাটিংকে ক্রমশ পরিপক্বতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ইঙ্গিত দিয়েছিল, ভারতের বিপক্ষে ব্যাটিংটা সেই ইঙ্গিতকেই আরেকটু পরিপূর্ণতার দিকে নিয়ে গেল। ব্যাটিং সহায়ক উইকেটে একদিবসী ক্রিকেটে এখন যেটা স্বাভাবিক উইকেট, বর্তমানের স্বাভাবিক দাবি ত্রিশতাধিক রানের সংগ্রহকে সহজাত করার প্রক্রিয়ায় আমরা ঢুকে পড়েছি। ফলাফল যা-ই হোক, সে ফলাফলের কার্যকারণ যা-ই হোক, আইডিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে বাংলাদেশ ক্রিকেটের নিকট ভবিষ্যত্ এই ব্যাটিং আস্থাটুকু অবশ্যই লাভ করেছে। ব্যাট হাতে এই প্রত্যয়টা ভালোভাবে শিকড় গেড়ে বসলেই যেকোনো দলের বিপক্ষে কার্যকরী জেতার লড়াইটা প্রণোদিত পরিপূরক বোলিং-ফিল্ডিংটা পেয়ে যাবে। প্রতিপক্ষ যেই হোক, আমাদের অংশগ্রহণ কোনো ম্যাচকেই অসম লড়াই বলে আখ্যায়িত করা যাবে না। জয়ের সম্ভাবনা প্রবলভাবে বুকে নিয়ে, ক্রিকেট বিশ্বের ধারণায় দিয়ে আমরা প্রতিদিন মাঠে নামব। আইডিয়া কাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পরও এই প্রত্যয় আমাদের ক্রিকেটারদের মধ্যে সঞ্চারিত হয়েছে। আর সেই সঞ্চারিত প্রত্যয় আন্তরিক পকেটে পুরে আমাদের যুব দল দেশ ছেড়েছে বিশ্ব যুব কাপ আহরণ অভিযানে। আশা করি, ওরা এবার অনেক এগিয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করবে। যাত্রাকালে ওদের ক্রিকেটভাষ্য সে আভাসই দিচ্ছিল। কণ্ঠগুলো ছিল মধ্যমাঠে সদ্য দেখা অগ্রজদের ব্যাটিং সৌকর্য প্রণোদনায় উচ্চকিত।বাংলাদেশ-ভারত খেলা এবং ঊনিশের নিউজিল্যান্ড যাত্রা নিয়ে কেমন একটা খাপছাড়া ভূমিকা ফেদে ফেঁসে গেছি। লেখাটাকে টানা যাচ্ছে না। আসলে বলতে চাইছিলাম, আইডিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়া কিছু আনন্দের কথা, খেলা দেখতে দেখতে মনের কোণে খোঁচানো কিছু প্রশ্নের কথা। কিন্তু ব্যাক টু ব্যাক পরাজয়ের পর পরাজয়ের ময়নাতদন্ত বা দায়ী স্কন্ধ চিহ্নিত করা ছাড়া অন্য কিছু ঠিক জমে না। তবু পরাভূতের বেদনাকে ছাড়িয়ে কিছু সুখ যদি মুখ ভাসায়, তাদেরকে খুঁজে নিতে দোষ দেখি না।শ্রীলঙ্কা বা ভারত, কারও সঙ্গেই শক্তিমত্তার বিচারে বাংলাদেশ প্রবল প্রতিপক্ষ নয়। তবু দুটো ম্যাচই আমরা অসহায় আত্মসমর্পণের আওতায় ছিলাম না। খণ্ড খণ্ড সময় আমাদের বিজয়াভিসারী অনুভবও এনে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ২৬০ রান সংগ্রহ করেছি, তার গর্ভে দুঃসময়ের মোড় ফেরানো নাট্যসুখের আমেজ আমরা পেয়েছি। পেয়েছি আমাদের আহ্লাদি প্রত্যাশার বরপুত্র আশরাফুলকে যেভাবে দেখতে চাই, সেইভাবে। উইকেটে স্থায়ী নিবাস গেড়ে, ঝুঁকিহীন স্ট্রোক খেলে খেলে আশরাফুল স্কোরবোর্ড সচল রাখবেন দীর্ঘ ইনিংসের শরীরজুড়ে। ক্রিকেটমত্ত বাংলাদেশের এই নিত্য কামনা। আশরাফুল তা মিটিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। গ্রহণযোগ্য উদ্বোধনী সংগ্রহের পর ঘন ঘন চার-চারটি উইকেট পতনের ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে বাংলাদেশ যে ২৬০ রানে পৌঁছাল, আশরাফুল সেই ঘুরে দাঁড়ানোয় রেখেছেন অগ্রণী ভূমিকা। মুশফিক, মাহমুদউল্লাহ, নাঈমরা উপভোগ্য দায়িত্বশীলতার প্রদর্শন উপহার দিয়েছেন দর্শকদের। পরের ম্যাচেও আশরাফুল আগের ম্যাচের ছায়া ফেরাচ্ছিলেন। কিন্তু মাংসপেশির কুঅভ্যাস তাঁকে আক্রান্ত করল মাঝপথে। তবে দুই ম্যাচে তাঁর ব্যাটিং আভাস দিয়েছে তাঁর ক্রিকেটজীবন এক নবদিগন্তের দিক এগোচ্ছে। তিন নম্বরে একজন আস্থাশীল অনেক দিন থাকছেন, হয়তো থেকে যাবেন। আমাদের ওপেনিং জুটি এবং ‘পাওয়ার প্লে’র প্রকৃষ্ট ব্যবহারে তামিম ইকবাল ও ইমরুল কায়েস বাংলাদেশের মাথাব্যথা সারিয়েছেন। নতুন বলের ভারতীয় আক্রমণ এলোমেলো করে দেওয়া তামিমের প্রলম্বিত ব্যাট ছিল দর্শকের টিকিটের দাম ফেরানো পুলকসঞ্চারী। সুযোগ পেয়ে ইনিংস টেনে নিয়ে যাওয়ার উদ্যোগী প্রবণতায় ইমরুল কায়েস কম আনন্দ দেননি আমাদের। আর দুটো ম্যাচেই মাহমুদউল্লাহ আমাদের লোয়ার মিডল অর্ডারকে তুলে ধরেছেন নতুন মাত্রায়। ওই যে অতি প্রয়োজনীয় একটা ব্যাপার, টপ অর্ডারে বা তার নিচে যে যেদিন রান পাচ্ছেন, তিনি বা তাঁরা যে ইনিংসকে লম্বা টেনে নিয়ে যাবেন সেটা খুব ক্ষীণ মাত্রায় হলেও ওই দুটি ম্যাচে দেখা গেছে। আশরাফুল, ইমরুল বা মাহমুদউল্লাহ চেষ্টা করেছেন। দিলশান, সাঙ্গাকারা, শেবাগ বা ধোনিরা যেটা নিত্য করেন। আমাদের সে রকম হতে হয়তো সময় লাগবে। তবে বোধটা যে জেগেছে, সেটা তো লক্ষ করা যাচ্ছে।এত আশা জাগানিয়া প্রসঙ্গের মধ্যে একটা কষ্টের কাঁটা ভীষণ খোঁচাচ্ছে। সেটা আমাদের অধিনায়কের ফর্মহীনতা। সেটা অবশ্যই সাময়িক। মাশরাফিহীন দলে সাকিবকে সম্পূর্ণভাবে পেলে ওই দুটো ম্যাচে আমাদের পদচারণা আরেকটু ঔজ্জ্বল্য অবশ্যই পেত। জানি ইনজুরি, প্রত্যাশার চাপ, সাম্প্রতিক ব্যাটের সাময়িক আড়ষ্টতা তাঁকে দল মেলে বিকশিত হতে দিচ্ছে না। এহেন দুঃসময়ে ভাগ্যও মুখ ফিরিয়ে থাকছে। নতুবা অমন রানআউট হন! তবে ভারতের সঙ্গে টসে জিতে সব তত্ত্বের, সব বিশেষজ্ঞ মতামতের বিরুদ্ধে গিয়ে ব্যাট করার সিদ্ধান্তটি দারুণ নিয়েছেন। বাস্তবতার নিরিখে চাপহীন ব্যাটিংই যুক্তিযুক্ত। প্রবল ব্যাটিং শক্তি ভারতকে আস্কিং রেটের চাপে ফেলতে পারলে তুলনামূলক কম শিশিরসিক্ত সন্ধ্যায় কিছু একটা হলেও হতে পারত। আমাদের বোলিং ধার যত স্বল্পই হোক, রানটা আরেকটু দীর্ঘ হলে সেই বিশালাকার সংগ্রহ ক্ষীণবল বোলিংকে আরও শাণিত করে তুলতে পারত। আর সে পথটাই ভারতকে হারানোর একমাত্র খোলাপথ বলে অধিনায়কের কাছে মনে হওয়া অস্বাভাবিক নয় খেলা শুরুর আগে। আর টিম কর্তৃপক্ষের পরামর্শেও সিদ্ধান্তের স্বপক্ষে অবশ্যই সায় ছিল। সর্ব বিবেচনায় সাকিবের সিদ্ধান্তকে সাহসী এবং অবশ্যই বাস্তবমুখী বলতে হবে। দুই দলের সার্বিক মান সমান সমান হলে এ নিয়ে সমালোচনার অবাধ সুযোগ থাকত। চলতি টুর্নামেন্টেই সাকিব ব্যাটে-বলে স্বমহিমায় ফিরে আসুন, কামনা করি।বাংলাদেশের নতুন বলের আক্রমণটা একই চেহারায় নেই অনেক দিন। মাশরাফির ফিরে না আসা পর্যন্ত সেই চেহারাটা ছন্দময় হওয়ার সম্ভাবনাটা হয়তো কম। আইডিয়া কাপ এ ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাতে পারছে না, কথাও নয়। এ টুর্নামেন্টে, বলা ভালো এ উইকেটে কোনো দলেরই দ্রুত বোলাররা প্রভাব বিস্তার করতে পারেননি। তবে সংহারক ভূমিকা না নিতে পারলেও রান আটকানো জায়গায় আমাদের চেয়ে বেশি বল ফেলেছেন তাঁরা। এলোমেলো বলে ওদের ব্যাটসম্যানদের মতো সুবিধা আমাদের ব্যাটসম্যানরা কম পেয়েছেন। তরুণ বোলারদের বারবার বদলিয়ে এ সমস্যার সমাধান আমরা করতে পারব বলে মনে হয় না। যে নিজেকে প্রমাণ করে উঠে আসে, সম্ভাবনা নিয়ে প্রকাশ্য হয়, তাকে হাত ধরে পরিণতির দিকে নিয়ে যেতে হবে। আইডিয়া কাপের পর নতুন বলের বোলারদের মুখ ভাসানো আর হারিয়ে যাওয়া, ঘন ঘন ইনজুরিতে পড়া—এসব নিয়ে আমাদের নতুন করে মাথা ঘামানো প্রয়োজন।আইডিয়া কাপের তৃতীয় খেলা আমার আবেগী ক্রিকেট দেখাটাকে হয়তো বা নাড়িয়ে দিতে চাইব। কিন্তু আমি নিশ্চিত নড়ব না। আমি দেখছি, বাংলাদেশ পরিণত হচ্ছে। আজকে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ স্টাম্পে বোল্ড হচ্ছি বটে, তবে কপাল না চাপড়িয়ে ওই শটের সঠিক বল ও সীমানাটাও যে জেনে যাচ্ছি। আমার ভুলের মাত্রা দিন দিন কমছে, দ্রুত কমছে দেখতে পাচ্ছি।