প্রথম দেখেই বুঝেছিলাম ও অন্য জিনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে আমার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হবে কি না, এ ব্যাপারটা আমি অনেক আগেই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। আমি আমার যথাসাধ্য করেছি এবং আমার বিশ্বাস, বিশ্বকাপের আগেই আমি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব। তবে এ নিয়ে বেশি ভেবে তো লাভ নেই, যা হওয়ার হবে। আমি আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে যখন যা হয়, তা-ই মেনে নিতে শিখেছি। সেটি যেমন ক্রিকেটে, তেমনি জীবনেও।নিজের কথা দিয়ে কলামটা শুরু করলাম, তবে এই কলামের বিষয় আসলে অন্য। অধিনায়ক সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দেবে—এটা জানার পরই আমি ওকে অভিনন্দন জানিয়েছি। আমি সব সময়ই বিশ্বাস করি, যে যেটার যোগ্য, তার সেটা পাওয়া উচিত। আর অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা সাকিব ভালোভাবেই প্রমাণ করেছে।সাকিবের সবচেয়ে বড় গুণ হলো, প্রথম থেকেই ওর চিন্তাভাবনা খুব পরিণত। আমার মনে আছে, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওর অভিষেক ওয়ানডেতে ও ৩০ রান করে নটআউট ছিল। রানটা বড় না, বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরও ও যেভাবে বল বুঝে ১-২ নিয়ে খেলছিল, তাতেই বুঝে ফেলেছিলাম, বয়সের তুলনায় ওর ক্রিকেট মস্তিষ্কটা অনেক পরিণত। মনে আছে, ওর ব্যাটিং দেখতে দেখতে রাজকে (আবদুর রাজ্জাক) বলেছিলাম, ‘এ অন্য কোয়ালিটির প্লেয়ার।’এটা যে কত সত্যি, এখন তা সবারই জানা। যতই দিন গেছে, সাকিব আরও পরিণত হয়েছে। খারাপ সময় যে যায়নি, তা না। মনে আছে, তিন বছর আগে নিউজিল্যান্ড সফরে ও প্রথম টেস্টে ড্রপড হয়েছিল। এর আগে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইনজুরি-টুরি মিলিয়ে ওর এমন খারাপ অবস্থা হয়েছিল যে কান্নাকাটিও করেছিল। আমি এটা বলছি খারাপ সময় থেকে কীভাবে ও ঘুরে দাঁড়িয়েছিল জানাতে। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে চান্স পেল মূলত বোলার হিসেবে, ব্যাটিং করল ৮ নম্বরে। ৪১ রানে নটআউট। ওই ইনিংসটাকেই আমি ওর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলব। কারণ, এরপর আর ওকে পেছন ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে নিজেকে আরও ওপরে নিয়ে গেছে।সাকিবের ব্যাটিংয়ের একটা মজা আছে। ওকে দেখলে কখনোই চাপে আছে বলে মনে হয় না। কীভাবে রান হয়ে যায়, সেটাও অনেক সময় টের পাওয়া যায় না। আমি ওকে অনেকবারই বলেছি, ‘আর সবাইকে মেরে রান করতে হয়। আর তুই উইকেটে দাঁড়িয়ে থাকলেও দেখা যায় ১৬ বলে ১২ হয়ে গেছে!’ একটা কারণ তো অবশ্যই, ও সব সময় ওর ন্যাচারাল খেলাটাই খেলে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মনে পড়ছে। বারবাডোজের বাউন্সি উইকেটে আমরা সবাই যাচ্ছি আর আউট হয়ে ফিরছি, এর মধ্যেও সাকিব মেরে যাচ্ছে। ও নিজের শক্তির জায়গাটা খুব ভালো বোঝে। আরেকটা ব্যাপারও হয়তো ওর মনে কাজ করে, ব্যাটিংয়ে না পারলেও আমার তো বোলিং আছে।ন্যাচারাল খেলার কথা বলছিলাম। আমার কাছে তো সাকিবের সবকিছুই ন্যাচারাল মনে হয়। ওকে খুব হার্ড ওয়ার্কার বলা যাবে না। নেটে বোলিং তো বলতে গেলে করেই না। ইচ্ছা হলে হয়তো একটু করল। ওর ফিল্ডিং দেখুন, সেটিও ন্যাচারাল। সাকিবকে বোঝাতে আমি আরেকটি কথা খুব বলি, ‘ওর মাথা খুব স্ট্রং।’ ক্রিকেট-বুদ্ধি অসাধারণ। এ কারণেই চার-ছয় না মেরেও বুদ্ধি খাটিয়ে রান করতে পারে।সাকিবের আরেকটি ব্যাপার আমাকে খুব চমৎকৃত করে। যেকোনো কিছুকে খুব সহজভাবে নেওয়ার ক্ষমতা আছে ওর। ক্রিকেটই জীবনের শেষ বলে মনে করে না। এর মানে এটা নয় যে, ও ক্রিকেট নিয়ে সিরিয়াস নয়। তাহলে কি আর দুই বছরের বেশি সময় বিশ্বের এক নম্বর ওয়ানডে অলরাউন্ডার হয়ে থাকতে পারত? আমি যেটা বলতে চাইছি, ওর মতো সবকিছু সহজভাবে নিতে পারলে চাপটা অনেক কমে যায়।অধিনায়ক হিসেবে সাকিবকে আমার অনেকটা ধোনি-টাইপ মনে হয়। জানি না, ও জেনেশুনে গ্যাম্বলিং করে কি না, তবে এমন সময়ে এমন কিছু বোলিং চেঞ্জ করিয়ে ও সাফল্য পেয়েছে, আমি হলে যা জীবনেও করার সাহস পেতাম না। আমি যে কটা ম্যাচে অধিনায়কত্ব করেছি, ঝামেলার সময়ে সাকিবের পরামর্শ নিয়েছি। মনে আছে, যে ম্যাচটা আমরা জিতলাম, ওতে আমি ওকে দিয়ে বল করাতে চাইলাম। ও বলল, রুবেলকে দেন, ও আরেকটা ওভার করুক। ওই ওভারেই রুবেল উইকেট নিল। আম্পায়ার কলিংউডের আউটটা দেননি, নইলে দুই উইকেট নিয়ে নিত।অধিনায়কত্ব নিয়ে আমার আর সাকিবের মধ্যে একটা মনোমালিন্য আবিষ্কার করেছেন অনেকে। পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে বলে শুনেছি। সাকিবের মনে কী আছে, আমি বলতে পারব না। তবে আমার কথা বলতে পারি, সাকিবকে এখনো আমি ছোট ভাইয়ের মতোই দেখি। নড়াইলে বিকেএসপির ক্যাম্পে ওকে যখন প্রথম দেখেছিলাম—মাফলার, কানটুপি পরে শীতে জড়সড় ছোট্ট একটা ছেলে, এখনো ওই দৃশ্যটা মাঝেমধ্যে মনে পড়ে। সাকিবকে জিজ্ঞেসও করেছিলাম, কিরে, এসব কী কথা হচ্ছে? ও বলেছে, কে কী বলছে, বাদ দেন। ঠিকই তো, আমরা দুজন ঠিক থাকলে কে কী বলছে, তাতে কী আসে-যায়!