ইউসুফের সঙ্গে প্রথম মারামারি ১০ বছর বয়সে। একটা বাইসাইকেলের মালিকানা নিয়ে। প্রথম ছক্কা বরোদায় একটা অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে। এত্ত জোরে মারতে পারি! সত্যিই খুব খুশি হয়েছিলাম। প্রথম ইয়র্কার অ্যাডাম গিলক্রিস্টকে যে ইয়র্কার দিয়েছিলাম সেটার কথাই বলে সবাই। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাচে সেন্ট্রাল জোনের রাজা আলীকে প্রথম ইয়র্কার দিয়েছিলাম। প্রথম রান্না একটা ওমলেট। এই একটা জিনিসই রান্না করতে পারি আমি।প্রথম পাওয়া ক্রিকেটীয় উপদেশ আমার দেখা সেরা মানুষ, আমার জীবনের প্রথম কোচ প্রয়াত বশির শেখের কাছ থেকে পেয়েছিলাম। আমার বয়স তখন ১৫। আউট হলেই কিছু একটা অজুহাত দিতাম। একটা খেলায় ৬৪ রান করার পর চোট পেয়েছিলাম। সেলাই দিতে হয়েছিল। পরের দিন মনঃসংযোগ হারিয়ে আউট হয়ে গেলাম। যদিও তিনি মাঠেই ছিলেন তবু সন্ধ্যায় আমার কাছে জানতে চাইলেন, কীভাবে আউট হয়েছি। আমি বললাম, ‘স্যার, আমার আসলেই ব্যথা লাগছিল...।’ আর কিছু বলার আগেই চিত্কার করে উঠলেন। আমাকে থমক দিয়ে বললেন, ‘আমি তোমাকে কী জিজ্ঞেস করেছি? তোমার উত্তর কী হওয়া উচিত ছিল?’ এক মিনিট ভেবে নিয়ে বললাম, ‘স্কয়ার ড্রাইভ করতে গিয়ে গালিতে ধরা পড়েছি।’ তখন বললেন, ‘কখনো ব্যথার অজুহাত দেবে না।’ এরপর পোশাক-টোশাক বদলানোর পর আলাদা করে আমাকে ডেকে নিয়ে খুব শান্তভাবে বলেছিলেন, ‘ক্রিকেটে বা জীবনে সত্যিই যদি ভালো করতে চাও, কখনো অজুহাত দিয়ো না।’