প্রথম পাতায় নগ্ন ছবি নয়
জার্মানির সবচেয়ে বেশি সার্কুলেশনের ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ তাদের দীর্ঘদিন ধরে চলা প্রথম পৃষ্ঠায় নগ্ন ছবি ছাপানোর নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। ২৮ বছর ধরে পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় নগ্ন ছবি ছেপে আসছিল। কিন্তু এখন থেকে তারা প্রথম পৃষ্ঠায় আর নগ্ন ছবি ছাপবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।বিল্ড ১৯৮৪ সাল থেকে তাদের প্রথম পৃষ্ঠায় পাঁচ হাজারেরও বেশি নারীর নগ্ন ছবি ছেপেছে।গত বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন তাদের সম্পাদকীয় কমিটির বৈঠকে তাদের বহুদিন থেকে চলে আসা এ নিয়ম পরিবর্তনের ঘোষণা দেয় তারা।তাদের সর্বশেষ ছাপানো নগ্ন ছবিটির নিচে লেখা ছিল ‘আমিই শেষ’।পত্রিকাটি জানায়, সম্ভবত তাদের এই সিদ্ধান্ত নারীর জন্য একটি ছোট্ট পদক্ষেপ, তবে বিল্ড ও পুরুষের জন্য পদক্ষেপটি বেশ বড়।একই সঙ্গে বিল্ড ১৯৭০ সালের ১৩ মে প্রকাশিত তাদের একটি সংবাদ আবার ছাপায়, যাতে লেখা ছিল, ‘নারীদের মস্তিষ্ক পুরুষের তুলনায় কম কাজ করে।’গত শুক্রবার বিল্ড জানায়, পুরোনো শিরোনামটি তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।