প্রথম প্রতিরোধ ও শুভবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ ১৯৭১, রাতে ঢাকা শহরে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। পরদিন ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর কনভয় রওনা হয়ে গেছে চট্টগ্রামের উদ্দেশে। শ খানেক গাড়ি বোঝাই পাকিস্তানি সেনা নিয়ে কুমিল্লা থেকে ব্রিগেডিয়ার ইকবাল শফি যাচ্ছেন। এবার হত্যাযজ্ঞ ঘটানো হবে চট্টগ্রামে।বাড়বকুণ্ড (সীতাকুণ্ড উপজেলাধীন) কেমিক্যালস ফ্যাক্টরি এলাকায় হাইওয়ের পাশে স্থানীয় কয়েক শ মানুষ জড়ো হয়েছে। ক্ষুদ্র সামর্থ্যে রাস্তার ওপর তারা ব্যারিকেড তৈরি করেছে। অস্ত্রশস্ত্রের জোগাড়যন্ত্র চলছে। মিল-ফ্যাক্টরির নিরাপত্তা বিভাগে লাইসেন্স করা কয়েকটি বন্দুক পাওয়া গেছে। শুধু রামদা ও লাঠি হাতে শ খানেক লোক। কারখানার এসিড। সম্বল অতিশয় সামান্য।কনভয় ব্যারিকেডে থামতেই গ্রামবাসী দা আর লাঠি নিয়ে হামলা করল। এদের একজন বাদশা মিয়া রামদা হাতে পাকিস্তানি এক সেনাকে তাড়া করলেন। পাকিস্তানি বাহিনী তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করল। বাদশা মিয়া প্রতিরোধযুদ্ধের প্রথম শহীদ। কিন্তু এই তুচ্ছ ঘটনাটাই বড় হয়ে দেখা দিল যুদ্ধের হিসাব-নিকাশে। চট্টগ্রামে গেরিলা কায়দায় পাকিস্তানি সেনাদের প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। এ জন্য সময় দরকার। তিনি কয়েকটি দলকে কুমিরায় (সীতাকুণ্ড উপজেলাধীন) পাঠিয়েছেন। ক্যাপ্টেন এম এস এ ভূঁইয়া গেছেন বেঙ্গল রেজিমেন্ট আর ইপিআরের সৈন্য নিয়ে। সুবেদার মুসা এক কোম্পানি সৈন্য নিয়ে কুমিরায় আছেন। কালুরঘাট থেকে আরও একটি ছোট দল এসেছে।ফাঁদ বা অ্যাম্বুশের জন্য কুমিরা একটি আদর্শ স্থান। পশ্চিমে বঙ্গোপসাগর। পূর্বে সারি সারি পাহাড়। মাঝখানে দু-এক কিলোমিটার সমতল ভূমির মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে। কোথাও কোথাও পথ অতি সংকীর্ণ। পাহাড়ে ঘন গাছগাছালির জঙ্গল। এ সম্পর্কে পরে ক্যাপ্টেন সুবিদ আলী ভূঁইয়া লিখেছেন, ‘শত্রুকে বাধা দেওয়ার জন্য স্থানটি [কুমিরা] খুবই উপযুক্ত বিবেচিত হল। পথের ডাইনে পাহাড় এবং বামদিকে আধ মাইল দূরে সমুদ্র। শত্রুর ডানে এবং বামে প্রতিবন্ধকতা আছে এবং শত্রুকে এগুতে হলে পাকা রাস্তা দিয়েই আসতে হবে। তাই সেখানেই পজিশন নেওয়ার সিদ্ধান্ত নিলাম।’মুক্তিবাহিনী রাস্তার দুই দিকে অবস্থান নিয়ে ফেলেছে। পাহাড়ের ঢালে একমাত্র ভারী মেশিনগানটি হাইওয়ের দিকে তাক করে রাখা হয়েছে। এখানে পজিশন নিয়েছেন সুবেদার মুসা স্বয়ং। রাস্তার দুই দিকে পুকুর। যাদু পুকুর আর ফকিরা পুকুর। পুকুরের ঢালে এলএমজি বসানো হয়েছে। পজিশন থেকে ৭০-৮০ গজ দূরে বড় বড় গাছ আর ইট-পাথরের ব্যারিকেড। সীতাকুণ্ড থেকে খবর এসেছে, কনভয় খুবই কাছাকাছি। মুক্তিবাহিনী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।দুই পক্ষের শক্তিমত্তার মধ্যে গাণিতিক ব্যবধান বিরাট। হিসাব শুনলেই পরিষ্কার বোঝা যাবে।পাকিস্তানি বাহিনী: ২৪ ফ্রন্টিয়ার্স ফোর্স, ফিল্ড ইঞ্জিনিয়ার ডিটাচমেন্ট, ৮৮ মর্টার ব্যাটারি। নেতৃত্ব দিচ্ছেন ৫৩তম ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইকবাল শফি স্বয়ং।মুক্তিবাহিনী: সৈন্য সাকল্যে ১০২ জন, সহযোদ্ধা কয়েক শ (এঁরা সক্রিয় যুদ্ধ করেননি), অস্ত্র: ভারী মেশিনগান-১, মর্টার-১, এলএমজি, রাইফেল, গাদাবন্দুক। বাহিনীর নেতৃত্বে আছেন ক্যাপ্টেন এম এস এ ভূঁইয়া আর সহকারী হিসেবে সুবেদার মুসা।ক্যাপ্টেন ভূঁইয়া পরে লিখছেন, ‘এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে পুরো একটি সুসংগঠিত ব্যাটালিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার ঝুঁকি যে কি বিরাট...সেদিন তা আদৌ উপলব্ধি করতে পারিনি। ...আসলে মনটা ছিল তখন প্রতিশোধ-স্পৃহায় উন্মত্ত; দেশের মুক্তি কামনার উত্তপ্ত; ক্ষোভে, ক্রোধে, আবেগে উত্তেজিত।’২.সন্ধ্যাবেলার কথা। কুমিরার ফাঁদের দিকে পাকিস্তানি কনভয় এগোচ্ছে। ব্যারিকেড দেখে কনভয় থামল। ব্রিগেডিয়ার শফি ব্যারিকেড সরানোর আদেশ দিলেন। সাধারণ গ্রামবাসী ব্যারিকেড দিয়ে পালিয়েছে।কোথাও কোনো শব্দ নেই। পাহাড়ঘেরা কুমিরা থমথমে। পাকিস্তানি সেনারা গাড়ি থেকে নামছে, ভারী গাছের গুঁড়িগুলো সরানোর জন্য। হঠাৎ মেশিনগান, মর্টার গর্জে উঠল একসঙ্গে। ব্যারিকেড সরাতে ব্যস্ত পাকিস্তানি সেনাদের ওপর তুমুল গোলাবর্ষণ শুরু হয়েছে। ভারী মেশিনগান থেকে থেমে থেমে ট্রেসার রাউন্ড বেরোচ্ছে।এই অকল্পনীয় আক্রমণে পাকিস্তানি বাহিনী হতভম্ব। ভীত সেনারা এলোমেলো ছোটাছুটি শুরু করে দিল। ব্রিগেডিয়ার শফি বিপদ বুঝতে পেরেছেন। গাড়ি থেকে বেরিয়ে তিনি পাহাড়ের দিকে ছুটছেন। এখন জান বাঁচানোটাই ফরজ।পাকিস্তানি সেনারা নিরাপদ আশ্রয় খুঁজছে। লোকালয়কে নিরাপদ ভাবার কোনো কারণ নেই। কিন্তু এই আঁকাবাঁকা পাহাড়ি পথে নিরাপদ জায়গা খুঁজে পাওয়া কঠিন। গ্রামবাসী চোরাগোপ্তা হামলা করছে। পাকিস্তানি বাহিনীর ‘অকুতোভয়’ সেনারা গ্রামবাসীর হাতে বেঘোরে মারা পড়ছে।এই দিশেহারা অবস্থা বেশিক্ষণ থাকল না। পাকিস্তানি বাহিনী সংগঠিত হয়ে পাল্টা আক্রমণ শুরু করল। তাদের সঙ্গে গাড়ি বোঝাই মারাত্মক সব অস্ত্র। মেশিনগান, মর্টার, আর আর্টিলারি থেকে বৃষ্টির মতো গোলা ছুড়তে লাগল তারা। মুক্তিবাহিনীর মেশিনগান ধ্বংস করে দিতে হবে। নয়তো দাঁড়ানো মুশকিল। আর্টিলারি ফায়ার করে সেই চেষ্টা হচ্ছে।চেষ্টায় ফল হচ্ছে না। ওপর থেকে গুলি চালাচ্ছে মুক্তিবাহিনী। নিচে দাঁড়িয়ে যুদ্ধ চালানো সহজ নয়। ধাই করে ছুটে আসা একটা গুলি বিঁধলেই খতম। পাকিস্তানি বাহিনী দাঁড়াতেই পারছে না। মুক্তিযোদ্ধাদের তৈরি করা প্রতিরোধব্যূহ চীনের প্রাচীরের মতো অটল। কিছুতেই ভেদ করা যাচ্ছে না। শত্রুর তিনটি ট্র্যাকে আগুন ধরে গেছে। থেমে থেমে পাকিস্তানি বাহিনীর জওয়ানদের লাশ পড়ছে। রাত প্রায় নয়টা। প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলছে। প্রতিরোধব্যূহ ভেঙে দেওয়ার আর আশা নেই।পাকিস্তানি বাহিনী পিছু হটল। ২৫ মার্চ রাতে ঢাকায় নির্বিচারে ঘুমন্ত মানুষ হত্যা করা হয়েছে। ২৪ ঘণ্টাও পেরোয়নি, মাত্র ১০০ মুক্তিসেনার হাতে ওদের ‘রাবণের বাহিনী’ ভয়ংকর মার খেল। ১৫২টি লাশ পড়েছে ওদের। ২৪ ফ্রন্টিয়ার্স ফোর্সের অধিনায়ক লে. কর্নেল শাহনুর খান নিহত। দুই ট্রাক অস্ত্র ও গোলাবারুদ ফেলে পাকিস্তানি সেনারা পাহাড়ি এলাকায় পালিয়েছে।মুক্তিশিবিরেও শোকের ছাপ। ১৪ জন বাঙালি বীরের মতো প্রাণ দিয়েছেন। তবুও মুক্তিবাহিনীর মুখে হাসি। আপাতত পাকিস্তানি সেনাদের ঠেকানো গেছে। কয়টা দিন ঠেকিয়ে রাখা গেলেই মুক্তিফৌজ নিজেদের গুছিয়ে ফেলবে।৩.২৮ মার্চের কথা। নতুনভাবে প্রস্তুতি নিয়ে আরও ভয়াবহ শক্তিসহ হামলা করে পাকিস্তানি সেনারা। এক শরও কম মুক্তিসেনা আবারও একই জায়গায় অ্যাম্বুশ নিয়ে আছে। তিন দিন ধরে তাঁরা পাকিস্তানি সেনাদের অগ্রাভিযান ঠেকিয়ে রেখেছে। পাকিস্তানি বাহিনী আর্টিলারি সাপোর্ট যুক্ত করেছে। সমুদ্র থেকে গানবোটের ফায়ার সাপোর্টেরও ব্যবস্থা করা হয়েছে। তিন দিক থেকে মুক্তিবাহিনীর ওপর হামলা শুরু হলো। এই সাঁড়াশি আক্রমণে মুক্তিযোদ্ধাদের টিকে থাকা মুশকিল হয়ে পড়ছে। গোলাবারুদের মজুদ নেই। ক্যাপ্টেন ভূঁইয়া গোলাবারুদ জোগাড়ে চট্টগ্রাম গিয়েছিলেন, কিন্তু প্রতিকূলতার কারণে রণাঙ্গনে ফেরত আসতে পারছেন না।এ যাত্রায় পাকিস্তানি সেনাদের ঠেকিয়ে রাখা গেল না। কিন্তু বাঙালি জাতি এই যুদ্ধের কাছে চিরঋণী থেকে গেল। এটাই ছিল স্বাধীনতাসংগ্রামের প্রথম প্রতিরোধযুদ্ধগুলোর একটি। মাত্র ১০০ লোক সামান্য কিছু অস্ত্র নিয়ে পাকিস্তানি বাহিনীকে বিপর্যস্ত করে ফেলেছিল। এই সংবাদ সাড়ে সাত কোটি প্রাণে বার্তা রটিয়ে দিয়েছিল—বিজয় আসবেই।সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (প্রথম খণ্ড: প্রথম পর্ব)—সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: নবম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা