প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। গত বছরের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখ ৬৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nu-ba.info, www.nu-bsc.info, www.nu-bbs.info এবং যেকোনো মোবাইল ফোন থেকে NU AT Roll No লিখে ৪৬৩৬ নম্বরে এসএমএস করে জানা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।গত ২৭ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। জানা যায়, উত্তরপত্রে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফর্মে ত্রুটি ও কর্মচারীদের একাংশের আন্দোলনের কারণে এত দিন ফলাফল প্রকাশ করা যায়নি।যে কারণে দেরি: জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় নৈর্ব্যক্তিক/বহুনির্বাচনী প্রশ্নে। এর উত্তর দিতে হয় ওএমআর ফর্মে। দ্রুততর সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। নির্দিষ্ট ওই উত্তরপত্র কম্পিউটারের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা হয়।কিন্তু এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেসব ওএমআর ফর্ম সরবরাহ করা হয়েছে, তার অনেকগুলোতেই ত্রুটি ছিল। সূত্র জানায়, উত্তরপত্র কম্পিউটারে মূল্যায়ন করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। ত্রুটিপূর্ণ উত্তরপত্রগুলো কম্পিউটার গ্রহণ করেনি। এগুলো মূল্যায়ন করতে হয়েছে হাতে। তার ওপর গত জোট সরকারের আমলে চাকরি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও ধর্মঘট ছিল ওই সময়। এতে করে আরও বেশি সময় নষ্ট হয়েছে।জানতে চাইলে পরীক্ষা কমিটির সদস্য ও স্নাতক পূর্ব শিক্ষা স্কুলের ডিন মোবাশ্বেরা খানম প্রথম আলোকে বলেন, কিছু উত্তরপত্রে সমস্যা ছিল এটি ঠিক। পরে তা হাতে মূল্যায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয়, সে জন্য অত্যন্ত সতকর্তা ও সূক্ষ্মভাবে করা হয়েছে।প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় মোট তিন লাখ ৩৬ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করে, সে অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফোন নম্বর: ০১৭৫৪৩৬৮৭৮১-২, ০১৭৫৪৩৬৮৭৮৪-৬, ০২-৯২৯১০৬৮, ০২-৯২৯১০৭৩ এবং অধিভুক্ত কলেজগুলো থেকে জানা যাবে।