প্রথম বাংলাদেশ রুবিকস কিউব প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারটা হাতে পাওয়ার পর হাস্যোজ্জ্বল মুখে মঞ্চ থেকে নামলেন। হাতের ক্রেস্টটাকে উল্টেপাল্টে দেখলেন; আর পৃথিবী দেখছিল ‘জয়ের আনন্দে ভরা’ তাঁর মুখখানি। প্রথম বাংলাদেশ রুবিকস কিউব প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন শিহাব সারওয়ার অভি।উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সকালে হয়ে গেল প্রথম বাংলাদেশ রুবিকস কিউব প্রতিযোগিতা। এটি ছিল সবার জন্য উন্মুক্ত।মোট চার রাউন্ডে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রথম রাউন্ডের বিজয়ীরা চলে আসে মঞ্চের সামনে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১৭ জন চলে আসে মঞ্চে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় প্রথম ১০ জন। তাদের মধ্যে টিকে থাকা প্রথম ছয়জন যায় তৃতীয় রাউন্ডে। উত্তেজনাকর তৃতীয় রাউন্ড পার করে তিনজন প্রতিযোগী অংশ নেয় শেষ রাউন্ডে। এই রাউন্ডই ছিল সবচেয়ে শ্বাসরুদ্ধকর। এক মিনিট চার সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হয় গভ. ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আরিফ আহমেদ। একই স্কুলের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল ও রাজশাহী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিহাব সারওয়ার অভি ৫৭ সেকেন্ডে কিউব মিলিয়ে ফেলেন। ফলে তা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শিহাবই চ্যাম্পিয়ন প্রমাণিত হয়।শিহাব তাঁর আনন্দের অনুভূতি জানান, ‘রাজশাহী থেকে আমার ঢাকায় আসা সার্থক। আমার অনেক বেশি ভালো লাগছে, আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি। মা-বাবা, ভাই-বোন-বন্ধুদের ভীষণ মিস করছি।’প্রথম রানারআপ মেহেদীর অনুভূতি, ‘আমি অনেক খুশি। কারণ আমি অনেক চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত একটা পুরস্কার পেয়েছি।’দ্বিতীয় রানারআপ আরিফও আবেগাপ্লুত, ‘এটা আমার আশাতীত ছিল। অনেক দ্রুত মেলাতে পারে, এমন অনেকের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় রানারআপ হতে পেরেছি, এতে আমি অনেক খুশি।’এই প্রতিযোগিতায় কিউব ছিল ৩x৩x৩ আকারের। আর প্রতিযোগিতাটি হয় সময় গোনার ভিত্তিতে। সময় গোনার ভিত্তিতে আন্তর্জাতিক রেকর্ড হচ্ছে মাত্র সাত সেকেন্ড।১৯৮০ সালে প্রথম রুবিকস কিউব প্রতিযোগিতা আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হয়। এটি হয়েছিল হাঙ্গেরিতে। এর প্রবর্তক প্রকৌশলী আর্নো রুবিক একজন হাঙ্গেরীয়। তাঁর নামানুসারে এই কিউবের নাম। ১৯৮০ সাল থেকে প্রতিবছর এটি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিকভাবে রুবিকস কিউব প্রতিযোগিতা শুরুর ৩১ বছর পর হলেও আমাদের দেশে এই প্রতিযোগিতা অবশেষে শুরু হলো—এটাই সবচেয়ে আনন্দের বিষয়। আর এর সম্পূর্ণ কৃতিত্ব পাবে এই উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। প্রতিযোগিতার বিজয়ীরা ছাড়াও অনেকে গণিত অলিম্পিয়াড কমিটিকে এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন।নুসরাত জাহান ও মানস কুমার নাথ