বিপুল ভোটে ভারতের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রণব মুখার্জি। তিনি দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি। জয়ের জন্য প্রণব মুখার্জির ৫ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট প্রয়োজন থাকলেও সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও কংগ্রেসের এই নেতা পেয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৯৩৭ ভোট। অন্যদিকে প্রণব মুখার্জির প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমা পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ ভোট।এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির সব কটি রাজ্যের সাংসদ ও বিধায়কদের (এমএলএ) দেওয়া ভোট নয়াদিল্লিতে আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টায় গণনা শুরু হয়। এদিকে প্রণবের জয়ে পশ্চিমবঙ্গের বীরভূমের কীর্ণাহারে প্রণব মুখার্জির বাড়ির সামনে, ঢাকুরিয়ার বাড়ি, মিরাটি ও বিধানভবনে উত্সব শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ও কলকাতার রাস্তায় রাস্তায় চলছে উত্সব আর আনন্দমিছিল। প্রণব মুখার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের কথা ঘোষণার পর তাঁর বিজয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়। নির্বাচনে মোট ১০ লাখ ২৯ হাজার ৯২৪ ভোট ছিল। নির্বাচিত হতে একজন প্রার্থীকে এর অর্ধেক ভোট পেতে হতো। সেখানে সাত লাখ ১৩ হাজার ৯৩৭ ভোট পেলেন প্রণব। ২৫ জুলাই তিনি শপথ নেবেন।গত বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউপিএর প্রার্থী কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি এবং এনডিএর প্রার্থী পি এ সাংমা প্রতিদ্বন্দ্বিতা করেন।