প্রথম ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ৫০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে রহিমআফরোজের সহযোগী প্রতিষ্ঠান আর জেড পাওয়ার লিমিটেড। চুক্তি অনুযায়ী সরকার এই কেন্দ্র থেকে তিন বছর বিদ্যুৎ কিনবে।বর্তমান সরকারের গৃহীত উদ্যোগে দরপত্রপ্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি খাতে নির্মিত এটিই প্রথম ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এর আগে মোট ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার তিনটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র চালু হয় দরপত্রপ্রক্রিয়া ছাড়া।ডিজেলচালিত ভাড়াভিত্তিক এই কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং আরজেড পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় গত ৪ ফেব্রুয়ারি। এর পরবর্তী ১২০ দিনের মধ্যে কেন্দ্রটি চালু হওয়ার বিধান চুক্তিতে ছিল। তবে কেন্দ্রটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ২৭ জুন। আর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২ আগস্ট।এই বিলম্বের কারণ জানতে চাইলে আরজেড পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মইন প্রথম আলোকে বলেন, চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে জাপান থেকে জেনারেটর চলে এলেও বিরূপ আবহাওয়া ও কাস্টমস ক্লিয়ারেন্সে জটিলতার কারণে অন্যান্য যন্ত্রপাতি আমদানিতে বিলম্ব হয়। তবে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত বিশ্বকাপ ফুটবলের সময় থেকেই এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।এই কেন্দ্র থেকে পিডিবি বিদ্যুৎ কিনবে প্রতি ইউনিট ১৩ টাকা ৭৫ পয়সা দামে। কোম্পানির পরিচালন প্রধান (হেড অব অপারেশন) মুস্তাফা নাসির হাসান বলেন, ডিজেলচালিত অন্যান্য কেন্দ্রের কাছ থেকে পিডিবি যে দামে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে তার তুলনায় এই দাম কম। ফলে তিন বছরে পিডিবির প্রায় ৫৯ কোটি টাকা সাশ্রয় হবে।কোম্পানির কর্মকর্তারা জানান, এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ব্যাংকের ডলার তহবিলেরও প্রথম প্রকল্প। এ ছাড়া আইআই ডিএফসি প্রকল্পটিতে প্রায় এক কোটি ৬২ লাখ ডলার ঋণ-সহায়তা দিয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন করার কথা ছিল গত বছরের অক্টোবর মাসের মধ্যে। সে অনুযায়ী ডিজেলচালিত কেন্দ্রগুলো চালু হওয়ার কথা ছিল গত বোরো মৌসুমে, মার্চ মাসের শুরুতে। কিন্তু সরকার প্রথম কয়েকটি কেন্দ্রের জন্য চুক্তিই স্বাক্ষর করেছে ফেব্রুয়ারিতে। ফলে সরকারের পরিকল্পিত নতুন বিদ্যুৎ উৎপাদন পিছিয়ে গেছে।