প্রথম মাসে ছয় লাখ টন চাল সংগ্রহ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের উৎপাদনের খরচ বিবেচনা করলে সরকারের সংগ্রহ-মূল্য সঠিক হয়েছে। তবে এই দাম কৃষক পাবেন কি না, তা নির্ভর করবে সরকার কতটা তৎপর হয়ে দ্রুততার সঙ্গে ধান-চাল সংগ্রহ করতে পারে, তার ওপর। বাজারে কিছুদিন আগেও প্রতি কেজি ধান ১৮-১৯ টাকায় বিক্রি হয়েছে। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় একযোগে ধান কাটা শুরু হবে। দেশের অধিকাংশ প্রান্তিক ও মাঝারি কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেন। এই ঋণ পরিশোধ করতে কৃষকেরা হাটে-বাজারে দ্রুত ধান বিক্রি করতে চান। সেই সুযোগেই ফড়িয়ারা ধানের দাম কমিয়ে দেয়। কৃষক যখন হাটে চাল নিয়ে আসেন, তখন মিলের মালিকেরা পরিকল্পিতভাবে ধান কেনা কমিয়ে দেন। এতে ধানের দাম পড়ে যায়। গত বছরের মার্চ-এপ্রিলে ধানের দাম ক্রমাগতভাবে কমে যাওয়ায় একপর্যায়ে কৃষকেরা লোকসানের মুখে পড়েছিলেন। তাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের উচিত হবে প্রথম এক মাসের মধ্যে কমপক্ষে ছয় লাখ টন চাল সংগ্রহ করা। এতে মিলের মালিকেরা হাট থেকে ধান সংগ্রহ করতে বাধ্য হবেন। ফলে কৃষকের পক্ষে ন্যায্যমূল্য পাওয়াও সহজ হবে। চলতি বছর পাহাড়ি ঢলে হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খরার কারণে বেশ কিছু এলাকায় উৎপাদন কম হতে পারে। তামাক ও ভুট্টার চাষেও অনেক জমি চলে গেছে। ফলে বোরোর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না ও হতে পারে। তাই সরকারের উচিত, ধান কাটা শুরু হওয়ার দুই মাসের মাথায় পুরো সংগ্রহ শেষ করা।যদিও সরকারি গুদামের ক্ষমতা এখনো বাড়েনি। আশির দশকের মাঝামাঝি সময়ে অগ্রিম দাম দিয়ে ধান কিনে তা কৃষকের গুদামে রেখে পরে সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এতে প্রাথমিকভাবে ধান সংগ্রহ হলেও মাঠ প্রশাসনের দুর্নীতি ও রাজনৈতিক চাপের কারণে অগ্রিম দামে কেনা ধান সরকার আর কৃষকের কাছ থেকে আদায় করতে পারেনি। এ অবস্থায় গুদামে এখনো যে চাল রয়েছে, তা দ্রুত খালি করার ব্যবস্থা করতে হবে। গুদাম-সংকট থেকে উত্তরণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ বাড়িয়ে সংগ্রহ দ্রুততর করতে হবে। আবার ধানের দাম হঠাৎ করে কমে গেলে কৃষক যাতে ঋণ পরিশোধের জন্য লোকসান দিয়ে ধান বিক্রি করতে বাধ্য না হন, সে জন্য ব্যাংকগুলো ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের দ্রুত দু-তিন মাসের জন্য স্বল্পমেয়াদি ঋণ দিতে পারে। এ জন্য বেসরকারি ব্যাংক ও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিতে হবে। তা না হলে কৃষক এ বছরও লোকসানের মুখে পড়বে। সরকার-ঘোষিত মূল্যের সুবিধাভোগী হবে ফড়িয়া ও মিল-মালিকেরা। মাহবুব হোসেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক।