ভোট গ্রহণ ও গণনা স্বাভাবিক গতিতে হলে আজ রাতের মধ্যেই জানা যাবে, কে হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র। নারায়ণগঞ্জ শহরের বাইরে থাকা অসংখ্য অনগ্রসর এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার দিকেও নজর রাখতে হবে মেয়রকে। এই প্রেক্ষাপট নিয়ে এবারের আয়োজন। লিখেছেন আসিফ হোসেন ও ইমরান উজ-জামানঅনগ্রসর সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল১৮৭৬ সালে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করা হয়। ১৯৮৮ সালের পর থেকে ১৫ বছর নারায়ণগঞ্জ পৌরসভায় নির্বাচিত কোনো জনপ্রতিনিধি ছিলেন না। ২০০৩ সালের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জ পৌরসভার এলাকাগুলোর পানিনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন করেন। শহরের যানজট কমাতেও তিনি কাজ করেন।এদিকে ১৯৯৩ সালে বিএনপি সরকারের আমলে কদমরসুল (বন্দর) পৌরসভা গঠন করা হয়। এখানে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, ছিলেন প্রশাসক। এই পৌরসভার রাস্তাঘাট, পানিনিষ্কাশন-ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন করা হয়নি। বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী, শীতলক্ষ্যা নদীতে সেতুও নির্মাণ করা হয়নি। ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে সিদ্ধিরগঞ্জ পৌরসভা গঠন করা হয়। এ পৌরসভাও নির্বাচিত জনপ্রতিনিধির বদলে প্রশাসক দিয়ে চালানো হয়। এর এলাকাগুলোর রাস্তাঘাট ভাঙা। পানিনিষ্কাশন-ব্যবস্থাও বেহালে আছে। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকে।চলতি বছরের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। এবারের নির্বাচনে সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার মতো কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন মেয়র পদপ্রার্থীরা। ওই এলাকার ভোটারদেরও প্রত্যাশা, সাবেক দুই অবহেলিত পৌরসভার এলাকাগুলোর উন্নয়নে মেয়র ও কাউন্সিলররা মনোযোগী হবেন। মেয়রের কাছে যা চাইনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন বলে ভোটারদের চাওয়া একটু বেশি। শহরের লক্ষ্মীনারায়ণ আখড়া রোডের বাসিন্দা শাহাবদ্দিন খান বলেন, ‘নির্বাচিত মেয়রের কাছে প্রথম চাওয়া হবে শহর থেকে মাদক দূর করা। এর পরই চাইব নাগরিক সমস্যাগুলোর সমাধান। যখন-তখন যাতে রাস্তা খোঁড়াখুঁড়ি করা না হয়, আশা করি, নতুন মেয়র সেদিকে নজর দেবেন।’ অবকাঠামো ও নাগরিক-সুবিধার দিক দিয়ে পিছিয়ে থাকা সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এলাকার জনগণের কাছ থেকে প্রার্থীদের আশ্বাস নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। ২১ নম্বর ওয়ার্ডের ভোটার লিয়াকত আলী মনে করেন, মেয়রের পক্ষে সবই সম্ভব। তিনি চাইলে অনুন্নত এলাকাগুলোয় শহরের সমান সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো গড়ে তুলতে পারবেন। তাঁদের এলাকার রাস্তাঘাট ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে মেয়র বেশি নজর দেবেন বলে তিনি আশা করছেন।২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর শরিফ মিয়ার ভাষ্য, ‘আমাদের এলাকায় কোনো রাস্তাঘাট নেই। এখনো হাঁটুপানি মাড়িয়ে শহরে আসতে হয়। নতুন মেয়রকে এই এলাকার উন্নয়নে প্রথম থেকেই কাজ শুরু করতে হবে।’বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার বাসিন্দা সোলায়মান ও আবু হেনা জানালেন, প্রতিদিন শীতলক্ষ্যা নদী দিয়ে লক্ষাধিক মানুষ খেয়া পারাপার হয়। এতে সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। ঘটে প্রাণহানির ঘটনা। নির্বাচনের সময় ভোটারদের কাছে বলা হয়, দ্রুত শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হবে। কিন্তু সেতু আর নির্মাণ করা হয়নি। এবারও মেয়র পদপ্রার্থীরা শীতলক্ষ্যা সেতু নির্মাণের ঘোষণা দিচ্ছেন। তাঁদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে আশা করছেন তাঁরা।এদিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা আহম্মদ আলী ও আবু রায়হান জানালেন, সিদ্ধিরগঞ্জে অনেক শিল্পকারখানা রয়েছে। এখানকার রাস্তাঘাটের অবস্থা খারাপ। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি জমে যায়। যাতায়াত করতে গিয়ে এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে।সুশীল সমাজ মনে করে, নারায়ণগঞ্জের সমান অবকাঠামো অনুন্নত সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এলাকায় গড়ে তোলা কখনোই সম্ভব নয়। কারণ, নির্বাচিত হয়ে মেয়রকে সুষম বণ্টন করতে হবে। কাজেই সব জায়গার উন্নয়ন বরাদ্দ সমান থাকবে। তখন সব এলাকা সমান বরাদ্দ পাবে। এতে উন্নয়নের দৌড়ে নারায়ণগঞ্জই এগিয়ে থাকবে।কদমরসুল ও সিদ্ধিরগঞ্জের এলাকাগুলোর যোগাযোগব্যবস্থা নাজুক। মেয়র নির্বাচিত হলে এসব এলাকায় নতুন রাস্তাঘাট করার উদ্যোগ নেব। জলাবদ্ধতা নিরসনে কাজ করব। শীতলক্ষ্যা নদীতে পারাপারের জন্য সেতু নির্মাণ করব। একটি আধুনিক সিটি করপোরেশনের সব সেবা দেওয়ার চেষ্টা করব।—সেলিনা হায়াৎ আইভীআমি মেয়র নির্বাচিত হলে একটি বেস্ট নারায়ণগঞ্জ সিটি বানাব। একজন নতুন বউকে মানুষ যেভাবে দেখে, আমি ঠিক সেভাবে নতুন বউয়ের আদলে নারায়ণগঞ্জকে গড়ব, যাতে মানুষ এ শহর দেখে বলতে পারে, বাহ্, কত সুন্দর নগর! স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, আধুনিক রেল-যোগাযোগব্যবস্থা গড়ে তুলব। বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি শীতলক্ষ্যা সেতু নির্মাণ করব।—শামীম ওসমানআমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে ১০০ বছরের মহাপরিকল্পনা তৈরি করব। গ্যাস, বিদ্যুৎ, পানি ও জলাবদ্ধতার সমস্যা সমাধান করব। অবহেলিত সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এলাকার নাগরিক সমস্যা সমাধানে জোর দেব। নির্বাচিত হতে পারলে শীতলক্ষ্যা নদীর ওপর দুটি সেতু নির্মাণ করব।—তৈমুর আলম খন্দকার