প্রথম মোটরগাড়ি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সম্মুখে দাঁড় করানো গাড়িটা। ময়ূরের আকৃতিতে সাজানো। গাড়ির চালক হাতে প্রথম পুরস্কারের ট্রফি নিয়ে গর্বিত ভঙ্গিমায় দাঁড়িয়ে। তাঁর ছবি তোলা হবে।ছবি তুললেন এম এম হোসেন, অর্থা ৎ পুরান ঢাকার সেই সময়ের পরিচিত ফটোগ্রাফার মাস্টার মোস্তফা হোসেন। ছবিটি ঢাকার ইতিহাসের এক চমকপ্রদ অংশের সাক্ষী হয়ে গেল।সময়টা ১৯৪০ সালের জুলাই মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনের আঁচ তখন এ দেশেও লেগেছে। জাপান তার দখলকৃত বার্মা (মিয়ানমার) থেকে যেকোনো সময় ভারত আক্রমণ করতে পারে, এমন আশঙ্কা করছে সবাই। কক্সবাজারেও ইতিমধ্যে জাপানিরা বোমা ফেলেছে। ঠিক এমন এক সময় ঢাকায় এলেন নতুন গভর্নর অব বেঙ্গল স্যার হার্বার্ট রিড। সঙ্গে তাঁর স্ত্রী লেডি হার্বার্টও ছিলেন। পুরো ঢাকা যুদ্ধের কথা মন থেকে সরিয়ে দিয়ে তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নানা অনুষ্ঠান, আয়োজন হতে লাগল। লেডি হার্বার্টের শখ হলো মোটর শো করার। পূর্ববঙ্গে অর্থা ৎ বাংলাদেশে এর আগে কখনো মোটর শো হয়নি। গভর্নর চিঠি দিয়ে আদেশ করলেন মোটর শো আয়োজনের। ধনাঢ্য ব্যক্তি, জমিদার ও খান বাহাদুর যাঁদের গাড়ি আছে, তাঁদের সবাইকে এই মোটর শোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই মোটর শো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তৈরি হলেন। পুরান ঢাকার মির্জা আবদুল কাদের সরদারের একটি নতুন অস্টিন গাড়ি ছিল। তিনি ঠিক করলেন যে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ফটোগ্রাফার মাস্টার মোস্তফা হোসেন, লরি মাস্টার অমূল্য বাবু আর খাজা ইসমাইল সাহেবকে নিয়ে তিনি বসলেন শলাপরামর্শ করতে। ফটোগ্রাফার মোস্তফা হোসেনের নাম আগেই উল্লেখ করা হয়েছে। বিখ্যাত নাট্যকার সাঈদ আহমেদ এক আলাপচারিতায় বলেছিলেন, ঢাকার এই মোটর শোতে প্রথম পুরস্কারের জন্য মনোনীত গাড়িটির ছবি মোস্তফা হোসেন তুলেছিলেন। সাঈদ আহমেদ ঢাকার এই মোটর শোর কথা তাঁর প্রকাশিত বই ঢাকা আমার ঢাকায় বিস্তারিত উল্লেখ করেছেন। মাস্টার মোস্তফা হোসেন একসময় লায়ন থিয়েটারের স্টেজ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। যুদ্ধের সময় মোস্তফা বেকার হয়ে পড়লেন। এরপর তিনি একটি বক্স ক্যামেরা নিয়ে ছবি তোলার কাজ শুরু করলেন। ইংরেজ সৈনিকদের ছবি তুলতেন ভিক্টোরিয়া পার্কে। কাদের সরদার মোস্তফার স্টেজের অভিজ্ঞতাটা গাড়ি সজ্জার পরিকল্পনায় কাজে লাগালেন। নাট্যকার সাঈদ আহমেদের বর্ণনায় ‘সে সময় যুদ্ধের সঙ্গে বসবাস তাই মোস্তফা হোসেন যুদ্ধকে প্রতীকী করে অস্টিন গাড়ি ডেকোরেট করার প্ল্যান করলেন। সিদ্ধান্ত হলো সাপকে বধ করছে ময়ূর—এই দৃশ্যটি গাড়িতে ফুটিয়ে তোলা হবে। জার্মানির হিটলার সাপ আর ব্রিটিশ সম্রাট ময়ূরের প্রতীক। শান্তির প্রতীক ময়ূর সেই সাপকে মেরে ফেলেছে।’ জোয়ালা প্রসাদের একটি সাজসজ্জার দোকান ছিল। তাঁকে দায়িত্ব দেওয়া হলো, ময়ূরের মতো সাজাতে কী পরিমাণ ময়ূরের পালক লাগবে, তা হিসাব করে বের করার। কিন্তু এত ময়ূরের পালক ঢাকায় পাওয়া গেল না। খোঁজ নেওয়া হলো চট্টগ্রামে। সেখান থেকে প্রয়োজনীয় পালক সংগ্রহ করা হলো। এরপর ঢাকার ফটিক চন্দ্র নন্দীর তত্ত্বাবধানে সাজসজ্জার কাজ চলল। নানা চড়াই-উতরাই ও পরীক্ষা-নিরীক্ষার পর ফটিক বাবু ও জোয়ালা প্রসাদ কাদের সর্দারের অস্টিন গাড়িটিকে একটি সাপ বধরত ময়ূরের অবয়ব দিলেন। গাড়ির দুই পাশে ময়ূরের দুটি ডানা, সামনে ময়ূরের মাথা উঁচু করে আছে। সামনের দিকে দুটি পা। পুরো গাড়ি ময়ূরের পালক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।১৯ জুলাই ১৯৪০ সালের ওই দিন রমনার রেসকোর্সে নানা রঙে-ঢঙে সজ্জিত গাড়ি জড়ো হতে লাগল। লেডি হার্বার্ট এসে শো উদ্বোধন করলেন। ঢাকার গণ্যমান্য যাঁদের গাড়ি আছে, তাঁদের অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রায় কুড়িটি গাড়ি তাতে অংশ নেয়। লেডি হার্বার্ট ঘুরে দেখলেন সজ্জিত গাড়িগুলো। কিন্তু কাদের সর্দারের গাড়িটিকেই তিনি বেছে নিলেন প্রথম পুরস্কারের জন্য। কাদের সর্দারের সময়োপযোগী সৃষ্টিশীল পরিকল্পনার তারিফ করলেন। প্রথম পুরস্কারের কাপটি তাই তাঁকেই দেওয়া হলো।এরপর সেদিন রাতে পুরো ইসলামপুর মহল্লা যেন জেগে উঠল। কাদের সর্দার হ্যাজাক লাইট জ্বালিয়ে সঙ্গী-সাথি নিয়ে তার মায়ের বাড়িতে গিয়ে তাঁকে সালাম দিয়ে এলেন। আর পরের সপ্তাহে এক বিরাট পার্টি দেওয়া হলো। ইংরেজ ম্যাজিস্ট্রেটসহ ঢাকার গণ্যমান্য সবাই এসেছিলেন তাতে যোগ দিতে।