২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা ও প্রথমবারের উত্তীর্ণদের নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।এ বিষয়ে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে আজ রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আদালত। হাইকোর্টের অপর একটি বেঞ্চ দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া অবৈধ ঘোষণা করেন। এ রায়ে প্রথমবার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে সরকারের করা রিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে কয়েক দফা পর্যবেক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন আদালত।একপ্রশ্নের জবাবে মুরাদ রেজা বলেন, দ্বিতীয় মৌখিক পরীক্ষায় অকৃতকার্যরা নিয়োগ পাবেন কী পাবেন না তা আদালতের পর্যবেক্ষণ হাতে পাওয়ার পর বোঝা যাবে। আর পর্যবেক্ষণে এ বিষয়টি থাকবে কী থাকবে না তাও পর্যবেক্ষণের পর বোঝা যাবে।