প্রথম ম্যাচেই প্রমাণ
যেমনটা ভাবা হয়েছিল, হলো ঠিক তা-ই। এই বিশ্বকাপটা হতে পারে শেন ওয়াটসনের—বিশ্বকাপ শুরুর আগে অনেক বিশেষজ্ঞই বলেছেন কথাটা। ওয়াটসনকে নিয়ে এই প্রত্যাশা যে বাড়বাড়ি নয়, প্রমাণ প্রথম ম্যাচেই দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ৯১ রানের জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ম্যাচ-সেরার পুরস্কারটাও উঠেছে ওয়াটসনেরই হাতে।এবার বিশ্বকাপে নতুন ভূমিকায় নেমেছেন ওয়াটসন। জিম্বাবুয়ে ম্যাচের আগ পর্যন্ত ১২৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৬৩ বার ওপেন করলেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইনিংসের গোড়াপত্তন করলেন এই প্রথম। নতুন দায়িত্বে ভালোই করলেন এই অলরাউন্ডার। ক্রিকেটের ‘গালিভার’দের বধ করতে শুরুতেই স্পিন আক্রমণের যে জাল পেতেছিল জিম্বাবুয়ে, সেই জাল ছিড়েছেন ওয়াটসন ৯২ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে।আহমেদাবাদের উইকেট এমনিতে ব্যাটিং-বান্ধব। এই উইকেটে ওয়াটসনের ইনিংসটিকে হয়তো অনেকেই ধীরগতির বলবেন। কিন্তু তিনি যখন আউট হলেন, অস্ট্রেলিয়ার ৩১.২ ওভারে ১৪০। অতটা ধীরগতির বলা যাবে না। তবু শুরুতে কম রান ওঠার একটা ব্যাখ্যা ওয়াটসন নিজেই দিয়েছেন, ‘টপ অর্ডারে স্পিনারদের মুখোমুখি হওয়া ভিন্ন রকমের একটা চ্যালেঞ্জ। ভিন্ন দক্ষতা আর টেম্পারমেন্ট প্রয়োজন পড়বে আপনার।’সাত নম্বর থেকে ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে উঠে এলেন। ভালো করার একটা চ্যালেঞ্জ ছিলই ওয়াটসনের। সেই চ্যালেঞ্জ জয় করে সামনে দাঁড়াচ্ছেন আরেক চ্যালেঞ্জের, ‘একজন বাঁ-হাতি স্পিনার যখন রাউন্ড দ্য উইকেটে বল করতে আসে, তখন ব্যাট চালানো একটু কঠিনই। এ নিয়ে আমাদের কাজ করতে হবে।’ওয়াটসন এই চ্যালেঞ্জটা জয় করতে পারবেন বলেই বিশ্বাস সতীর্থ মাইকেল ক্লার্কের, ‘আমার মনে হয়, ওয়াট্টো (ওয়াটসন) পারবে। নিজ দায়িত্ব পালন করতে ও সব সময়ই যত্নবান।’ বিশ্বকাপটা উপমহাদেশে হচ্ছে বলেই ওয়াটসনের ওপর বিশ্বাসটা আরও বেশি অস্ট্রেলীয় সহ-অধিনায়কের, ‘উপমহাদেশের কন্ডিশনের জন্য ওয়াট্টো সত্যিই মানানসই। এখানে প্রথম ১০-১৫ ওভার খুব গুরুত্বপূর্ণ। ভালো একটা শুরু করতে হবে আপনাকে।’শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, রিকি পন্টিংদের মতো রথী-মহারথী থাকতেও সবাই যে বলছেন এই বিশ্বকাপটা হতে পারে ওয়াটসনের, তাতে ওয়াটসনের নিজের মধ্যেও একটা বিশ্বাস তৈরি হয়েছে। এর কারণ, বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে। ভারতে আইপিএল খেলেছেন দু-তিন বছর ধরে, কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন ওয়াটসন।