প্রথম যাঁরা
সালটা ১৯৭৪। স্বাধীনতা-পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে নারীদের পদচারণ তখনো তেমন শুরু হয়নি। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে গুটি কয়েকজন ছাড়া কর্মক্ষেত্রে নারীরা কমই আসতেন। সেই সময়টায় বাংলাদেশ পুলিশে যোগ দেন ১৪ জন নারী। সাতজন সাব-ইন্সপেক্টর হিসেবে, সাতজন কনস্টেবল। আজ পুলিশ বিভাগে নারী পুলিশ আছেন দুই হাজার ২৬৯ জন। ২৪ মার্চ বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, সরকার নতুন করে আরও তিন হাজার নারী পুলিশ নিয়োগ দিতে যাচ্ছে। আগামী তিন বছরে এসব নারী সদস্য নিয়োগ পাবেন। ১৯৭৪ সালে পথচলার শুরু। আজ এগিয়েছে বহুটা পথ। কেমন ছিল পুলিশ বিভাগে নারীদের শুরুটা? সেই ১৪ জনের প্রাপ্তি-অপ্রাপ্তি, কর্মক্ষেত্র, সামাজিক-পারিবারিক অবস্থাটা কেমন ছিল, তা-ই জানাচ্ছেন তাঁদের কেউ কেউ। প্রথম ছিলেন যাঁরা, তাঁদের কেউ কেউ চলে গেছেন অবসরে। কেউ আছেন এখনো কর্মক্ষেত্রে। আসুন, শুনি তাঁদের কথা।সাবিহা খানমঅবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ এএসপি১৯৭৪ সালের ৮ জুন আমি চাকরিতে যোগদান করি সাব-ইন্সপেক্টর হিসেবে। আমাদের ১৪ জনকে নেওয়া হয় পরীক্ষামূলকভাবে। যদি নারী পুলিশরা ভালো করেন, তবে ভবিষ্যতে এ ক্ষেত্রে নারীদের নেওয়া হবে। সুতরাং বোঝাই যাচ্ছে, আমাদের কতটা দায়িত্ব ছিল। আমরা জানতে পারি, আমাদের কাজ দেখে সরকারি কর্মকমিশনের মাধ্যমেও ঊর্ধ্বতন স্তরে মহিলা পুলিশ নেওয়া হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের ভালো করতেই হবে। আমি অবিবাহিত ছিলাম। কেউ কেউ আমাকে বলত, ‘আপনার তো বিয়ে হবে না।’ আমার বিয়ে হয় ইঞ্জিনিয়ারের সঙ্গে। সবাই শুনে অবাক হতো, আমার স্বামী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। এখন তিনি পিডব্লিউডির প্রধান প্রকৌশলী। পরিবারে আমি পুলিশ হিসেবে সম্মানই পেয়েছি। বাবা ছিলেন বিমানবাহিনীর কর্মকর্তা। তিনিও উদার ছিলেন। বাবার বাড়ি, স্বামীর বাড়ি—সর্বত্র আমার মর্যাদা ছিল। আমার মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। ছেলেমেয়ে দুজনকেই আমি সঠিকভাবে প্রতিপালন করেছি। পুলিশ হয়েছি বলে আমার সংসার উচ্ছন্নে যায়নি। আমি কাজ করেছি সমানভাবে কর্মক্ষেত্রে ও সংসারে।মাহমুদা খাতুনঅবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ এএসপি(অ্যাসিস্ট্যান্ট সুপার অব পুলিশ)আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাই পরিবারে স্বতঃস্ফূর্ততা ছিল। পারিবারিক কোনো বাধা ছিল না। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে গর্ব করতেন। সামাজিকভাবে বিষয়টি তখন এত সহজভাবে মেনে নেওয়া হতো না। তার পরও পুলিশের সহকর্মী, ঊর্ধ্বতন ব্যক্তিরা সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তাই আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছি। আমরা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিলাম। আমাদের মাঠকর্মী হিসেবে কাজ করতে হতো না। তাই কর্মক্ষেত্র আমাদের জন্য আনন্দদায়ক ছিল। আনন্দের মধ্য দিয়ে আমরা কাজ করেছি। করেছি সমানতালে সংসারে দায়িত্ব পালন। বর্তমানে পড়াশোনায় ভালো করে আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যারয়ের প্রভাষক। আমার মেয়ের জামাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কর্মক্ষেত্র ও সংসারে সুন্দর করে দায়িত্ব পালন করে এসেছি। আশা করি, পরে যাঁরা পুলিশ বিভাগে যোগ দেবেন, তাঁরা তাঁদের সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের নারীদের জন্য এ বিভাগের পথটা আরও মসৃণ করে যাবেন।সালেহা মাহমুদঅবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ এএসপি১৯৭৪ সালের জুন মাসে আমরা সাতজন যখন সাব-ইন্সপেক্টর ও সাতজন কনস্টেবল নারী পুলিশে যোগ দিই, তখন সামাজিক অবস্থা আমাদের অনুকূলে ছিল না। সবাই বাঁকা চোখে দেখত। কিন্তু পারিবারিকভাবে আমি মানসিক সহায়তা পেয়েছি। আমার স্বামী পুলিশ কর্মকর্তা, তাই আমার জন্য এ পেশায় আসা সহজ ছিল। বাবাও খুশি ছিলেন। আমাদের কর্মজীবন এতটা মসৃণ ছিল না। নিজেদের প্রমাণ করে, দৃঢ়প্রত্যয়ে কাজ করে তারপর আমরা আমাদের অবস্থান পোক্ত করেছি। আজ দুই হাজারের বেশি নারী পুলিশ। কঠোর পরিশ্রমে সবাই নিজেদের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করছেন। আমার প্রত্যাশা, চুয়াত্তরে যেভাবে আমরা শুরু করেছিলাম, ভবিষ্যতে নারী পুলিশ কর্মীরা এ বিভাগের সুনাম অক্ষুণ্ন্ন রেখে কাজ করে যাবেন।সাহিদা বেগমএএসপিপুলিশ কর্মকর্তা হিসেবে যোগদান করার সময় আমি পারিবারিক সহায়তা পেয়েছি। কর্মক্ষেত্রেও আমাদের প্রতি সবার সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল। কর্মক্ষেত্রে ততটা বৈষম্য ছিল না। কিন্তু সামাজিকভাবে আমাদের কিছুটা হেয়প্রতিপন্ন হতে হয়েছে। যেমন, আমাদের দিনে কিংবা রাতে যেকোনো সময়ে দায়িত্ব পালন করতে হতো। রাত করে বাড়ি ফেরার সময় আমাদের শুনতে হতো ‘মেয়ে কোথা থেকে নাইট ডিউটি করে এসেছে?’ আমি জানি না, বর্তমান নারী পুলিশরা এভাবে হেয়প্রতিপন্ন হন কি না। তার পরও বলব, মেয়েরা ভালো করছেন এ পেশায়। তাঁদের আরও এগিয়ে আসা উচিত। আরও সাহসী হওয়া উচিত।নূরজাহান চৌধুরীজ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারস্পেশাল ব্র্যাঞ্চের স্কুলে কর্মরত১৯৭৪ সালে চাকরির জন্য আবেদন করেন আমার আব্বা ও দুলাভাই। তাঁদের খুব আগ্রহ ছিল। কিন্তু আমার চাচারা বিষয়টি খুব সহজে মেনে নিতে পারেননি। তাঁরা নানাভাবে বুঝিয়েছেন চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য। কর্মক্ষেত্রে অনেক সহযোগিতা পেয়েছি। কষ্ট করে, যোগ্যতা দেখিয়ে অনেক ধাপ পার করেছি। সমাজ কীভাবে দেখেছে, সেটা পাত্তা দিইনি। নিজের কাজ করে গেছি। আজ পুলিশে নারীরা স্বতঃস্ফূর্তভাবে আসছেন। মেধা, যোগ্যতা দেখিয়ে টিকে আছেন। সাহসী ভূমিকা পালন করছেন। মেয়েরা আনন্দ নিয়ে এ পেশায় নিজেদের নিয়োজিত রাখবেন, সরকার যেন সব ধরনের সুযোগ-সুবিধা দেয়। কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা পেলে পুলিশ নারীরা তাঁদের চাকরি থেকে সরে আসবেন না। বাংলাদেশের পুলিশ বিভাগে নারীরা তাঁদের সাহসিকতায় অম্লান হয়ে থাকবেন।শাহনাজ খানমকনস্টেবল হিসেবে ১৯৭৪ সালে পুলিশে যোগদান করেন, বর্তমানে সাব-ইন্সপেক্টরআমি ১৯৭৪ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করি। আমার ভাই ছিলেন পুলিশের এসপি। পুলিশের চাকরিতে তাঁর ছিল অগাধ শ্রদ্ধা। তিনিই আমাকে এ চাকরিতে প্রবেশের উৎসাহ জোগান। প্রথম নারী পুলিশদের একজন হওয়ায় বেশ সুযোগ-সুবিধা পেয়েছি। সে সময় ডিআইজি এক মাস পর পর আমাদের ডেকে জিজ্ঞেস করতেন, কোনো রকম সমস্যা আছে কি না। প্রেক্ষাপট অনেক বদলে গেছে। এখন আমি অসুস্থ। আমার যকৃতের জটিল অসুখ। আমি চাই, কর্মক্ষেত্র থেকে আমার চিকিৎসার ব্যাপারে ভাবা হোক। অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত আমি সততার সঙ্গে কাজ করে এসেছি।