মাদ্রিদে শুরুটা ভালো হলো না মারিয়া শারাপোভা ও জাস্টিন হেনিনের। নিজ নিজ প্রথম ম্যাচে হেরে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাবেক দুই ‘নাম্বার ওয়ান’। গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় চার বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হেনিন ৬-৪, ৫-৭, ৬-০ সেটে অ্যারাভান রেজাইয়ের কাছে হেরে যান। আর চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় সাফারোভার কাছে ৬-৪, ৬-৩ সেটে হারেন শারাপোভা।মার্চে কনুইয়ে আঘাতের পর গতকালই প্রথম ম্যাচে নেমেছিলেন শারাপোভা। হারের কারণ হিসেবে সেই আঘাতকেই দায়ী করছেন রাশিয়ার এই তারকা। ম্যাচ শেষে রয়টার্সকে তিনি বলেন, ‘আঘাত কাটিয়ে ছন্দে ফিরতে বেশ সমস্যা হয়েছে আমার। অনেকগুলো সুযোগ মিস করেছি।’ প্রতিপক্ষ ২৩ বছর বয়সী চেক প্রজাতন্ত্রের সাফারোভা সম্পর্কে শারাপোভার মন্তব্য, দারুণ খেলেছে সাফারোভা। আমার চেয়ে ভালো খেলেই সে জয় পেয়েছে।’ শারাপোভার চেয়ে হেনিনের দুঃখ একটু বেশিই বলতে হবে। প্রায় ১৯ মাস স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত সপ্তাহে স্টুটগার্টে ফাইনালে জিতে এ প্রতিযোগিতায় নেমেছিলেন বেলজিয়ামের এই তারকা। তবে মাদ্রিদে হতাশায় পুড়তে হলো তাকে। হারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘স্টুটগার্ট থেকে ফিরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। তার পরও আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি এখন সামনের ফ্রেঞ্চ ওপেন নিয়ে ভাবছি।’