বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার। পঞ্চগড়ের ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত ২৯ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।এর মধ্যে ১৩ জনকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, একজনকে ছয় বছর, একজনকে চার বছর, ছয়জনকে তিন বছর, দুজনকে দুই বছর, পাঁচজনকে এক বছর ও একজনকে চার মাস কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।বিডিআরের নিজস্ব আইনে এ বিচার সম্পন্ন হয়েছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ বিকেল চারটা ২০ মিনিটে আদালতে বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বিকেল পাঁচটায়।ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় তাঁরা সবাই পঞ্চগড়ের ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত ছিলেন বলে অভিযোগ।মামলার সরকারি কৌঁসুলি পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।গতকাল সকাল সাড়ে আটটায় আদালতে ২৯ জন আসামি লিখিত ও মৌখিক বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর সরকারি কৌঁসুলি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক যুক্তিতর্ক উপস্থাপন করেন।আসামিদের মধ্যে সিপাহি মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র বিশ্বাস, মো. আহসানুল আজম, মো. মোজাম্মেল হোসেন, মো. ফসিয়ার রহমান, মো. মোস্তাফিজুর রহমান, হাবিলদার মো. রফিকুল ইসলাম নিজেদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দোষ স্বীকার করা সাত আসামি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেন, তাঁরা উপসহকারী পরিচালক (ডিএডি) ও সৈনিকদের প্ররোচনায় ও চাপে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হন। তাঁরা বলেন, ‘আমাদের নিজেদের পিঠে নিজেরাই ছুরি মেরেছি, বিডিআরের সুনাম নষ্ট করেছি। আমরা চৌকস ও মেধাবী অফিসারদের হত্যা করেছি। আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত ও করুণাপ্রার্থী।’অপর ২২ জন আসামি লিখিত ও মৌখিক বক্তব্যে নিজের নির্দোষ দাবি করে বলেন, তাঁরা বিদ্রোহে জড়িত ছিলেন না। বাদী ও কয়েকজন সাক্ষী তাঁদের এ মামলায় জড়িয়েছেন।সরকারি কৌঁসুলি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক এক ঘণ্টা ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, নয়জন আসামিকে ব্যক্তি ও চাক্ষুষ সাক্ষী, দুজনকে ব্যক্তি সাক্ষী ও দাপ্তরিক কাগজপত্রের প্রমাণ দিয়ে এবং ১৮ জনকে ব্যক্তি সাক্ষীর পাশাপাশি ভিডিওচিত্রের মাধ্যমে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। মামলার সরকারি কৌঁসুলিকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন ও মঞ্জুরুল আলম।গত ৩ ফেব্রুয়ারি এ আদালতের বিচারকাজ শুরু হয়। পাঁচটি কার্যদিবসে মামলার বিচারকাজ শেষ হলো। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে সুবেদার মেজর আমিরুল হক শেখ বাদী হয়ে ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এতে জওয়ানদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের ধারা ১০(১)-এ শৃঙ্খলাভঙ্গ ও বেআইনিভাবে অস্ত্র এবং গোলাবারুদ হাতে নিয়ে গুলিবর্ষণ, পঞ্চগড়-ঢাকা মহাসড়ক যানবাহন চলাচলে বাধা, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিডিআর মহাপরিচালকের ছবিতে আগুন লাগানো, বিদ্রোহ সংঘটনে সহযোগিতার অভিযোগ আনা হয়। এ সময় তাঁরা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বর্তমানে মেজর) হাসিবুল হোসেনকে পরিবারসহ বের করে দেন।গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।