প্রথম শ্রেণীর ভর্তিতে লটারির পক্ষে মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ৫ ডিসেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তির ফরম বিতরণ শুরু হচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির পক্ষে মত দিয়েছেন প্রধান শিক্ষকেরা। এ বিষয়ে একটি সারসংক্ষেপ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় ভর্তির নীতিমালা চূড়ান্ত করবে।এদিকে বেসরকারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ফরম বিতরণ গতকাল বুধবার শেষ হয়েছে। এক হাজার ৫৬৮টি আসনের বিপরীতে ২২ হাজার ১১৯টি ফরম বিক্রি হয়েছে। কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ছাত্রীদের সাক্ষাৎকার।গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বৈঠকে বসেন। এ সময় নতুন শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা ও তারিখ নির্ধারণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হবে আগামী ৫ ডিসেম্বর, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ফরমের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। অধিদপ্তর জানায়, ২৪টি বিদ্যালয়কে ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি গ্রুপে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। একজন শিক্ষার্থী একটি গ্রুপ থেকে কেবল একটি ফরমই নিতে পারবে।বৈঠক সূত্র জানায়, দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষকেরা মত দিয়েছেন। আর প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির পক্ষে সবাই মত দিয়েছেন। বৈঠক শেষে যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, ঢাকার কিছু বিদ্যালয়ে প্রথম শ্রেণী আছে। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হলে আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান শিক্ষকেরা। তবে এ বিষয়ে অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বলেন, আলোচনার একটি সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রথম শ্রেণীতে ভর্তির চূড়ান্ত নীতিমালা চূড়ান্ত করবে। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী প্রথম আলোকে বলেন, প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিশেষ করে শিশুরা রেহাই পাবে। ভিকারুননিসা নূন স্কুল: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদনপত্র বিতরণ গতকাল বুধবার শেষ হয়েছে। আজ প্রাথমিক বাছাই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। কাল শুক্রবার থেকে ভর্তি হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার শুরু হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, নির্দিষ্ট সময়সূচির বাইরে কারও সাক্ষাৎকার নেওয়া হবে না। এ সময় ভর্তি ফরমের সঙ্গে দুটি ছবি ও জন্ম নিবন্ধন সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে। একজন ছাত্রীর সঙ্গে একজন অভিভাবক আসতে পারবেন। মূল প্রভাতী শাখার বাংলা মাধ্যমে ১২ নভেম্বর সকাল নয়টা থেকে দুপুর ১২টা ০০০১ থেকে ১১৫০ পর্যন্ত এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১১৫১ থেকে ২৩০০, ১৩ নভেম্বর সকালে ২৩০১ থেকে ৩৪১৫ ও বিকেলে ৩৪১৬ থেকে ৪৫২৮, ১৪ নভেম্বর সকালে ৪৫২৯ থেকে ৫৮০৭ ও বিকেলে ৪৫২৯ থেকে ৫৮০৮ পর্যন্ত ক্রমিকের ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হবে।মূল প্রভাতী শাখার ইংরেজি মাধ্যমে ১২ নভেম্বর সকালে ১০০০১ থেকে ১০৪০০ ও বিকেলে ১০৪০১ থেকে ১০৭৫২, ১৩ নভেম্বর সকালে ১০৮০১ থেকে ১১২০০ ও বিকেলে ১১৩০১ থেকে ১১৬৪১ এবং ১২৮০১ থেকে ১২৮৪০, ১৪ নভেম্বর সকালে ১২০০২ থেকে ১২৪০০, বিকেলে ১২৪০১ থেকে ১২৮০০ ক্রমিকের ভর্তি হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।মূল দিবা শাখায় ১২ নভেম্বর সকালে ৫০০১ থেকে ৫৭০০, বিকেলে ৫৭০১ থেকে ৬৩০০, ১৩ নভেম্বর সকালে ৬৩০১ থেকে ৭০০০, বিকেলে ৭০০১ থেকে ৭৬০০ এবং ১৪ নভেম্বর সকালে ৭৬০১ থেকে ৮৩০০ বিকেলে ৮৩০১ থেকে ৮৮৩৮ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।