প্রথম সমকামী মার্কিন প্রেসিডেন্ট ওবামা!
বলতে গেলে একটি বড়সড় বোমাই ফাটিয়েছে বিখ্যাত মার্কিন সাময়িকী নিউজউইক। সম্প্রতি সাময়িকীটি তাদের পরবর্তী সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেছে। প্রচ্ছদে বারাক ওবামার ছবি দিয়ে শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্য ফার্স্ট গে প্রেসিডেন্ট’। বোঝানো হয়েছে—তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী প্রেসিডেন্ট। এই শিরোনামের মর্মার্থ প্রচ্ছদে ছাপা ওবামার ছবিতেও ফুটিয়ে তোলা হয়েছে।প্রচ্ছদে ওবামার একটি ক্লোজ-আপ ছবি ব্যবহার করা হয়েছে। ওবামার মাথার ওপর রয়েছে সমকামীদের পতাকার প্রতীক রংধনুর সাত রং মেশানো একটি বলয়।ওবামাকে নিয়ে নিউজউইকের এই প্রচ্ছদ এর মধ্যে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। এ ঘটনাকে অনেকেই সাহসী পদক্ষেপ বলে অভিহিত করছে। তবে সাময়িকীটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা মূলত তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী টাইমের সঙ্গে টক্কর দিয়ে পাঠকের দৃষ্টি কেড়ে সাময়িকীর বিক্রি বাড়াতে এমনটি করেছে। এ প্রসঙ্গে নিউজউইক সম্পাদক টিনা ব্রাউনের মন্তব্য, ‘খেল শুরু হলো।’এর আগে তিন বছরের এক শিশুকে তার মা দুধ খাওয়াচ্ছেন, এমন একটি প্রচ্ছদ প্রকাশ করে টাইম সাময়িকী বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। সংখ্যাটির কাটতিও হয় বেশ। ওই ঘটনার পর নিউজউইক ওবামাকে নিয়ে এমন প্রচ্ছদ করল।প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সমলিঙ্গের বিয়েতে সম্প্রতি সমর্থন দিয়েছেন ওবামা। গত বুধবার এবিসি নিউজে প্রচারিত সাক্ষাত্কারে ওবামা এ বিষয়ে তাঁর অবস্থান জানিয়ে বলেন, সমকামীরা চাইলে বিয়ে করতে পারেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে দেখা যায়, ৫০ শতাংশ মার্কিন নাগরিক সমলিঙ্গের বিয়েকে আইনসিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। গত বছরের জরিপের তুলনায় এবার সমলিঙ্গের বিয়ের প্রতি সমর্থন কিছুটা কমে এসেছে। এ জাতীয় উদ্যোগের বিপক্ষে মত দেন ৪৮ শতাংশ।সমলিঙ্গের বিয়েতে ওবামার সমর্থন দেওয়ার প্রতিক্রিয়ায় নিউইয়র্কের ধর্মযাজক কার্ডিনাল টিমোথি ডলান এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের এ ঘোষণা দুঃখজনক। এ ঘোষণার ফলে বিয়ে বন্ধনকে হেয় করা হয়েছে, যা সমাজের জন্য ক্ষতিকর হবে। বিভিন্ন নাগরিক সংগঠন ওবামার ঘোষণাকে স্বাগত জানায়।