প্রথম হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর
আগামী ১৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ-পূর্ব ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে আগামী ২২ অক্টোবর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ-পরবর্তী ফ্লাইট আগামী ১ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। আজ রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভায় হজ ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হয়।এ ছাড়া সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের হজ-পূর্ব ফ্লাইট ২১ সেপ্টেম্বর দুপুর একটায় শুরু হবে এবং শেষ হবে ২২ অক্টোবর। এই এয়ারলাইনস হজ-পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু করে ৩০ নভেম্বর শেষ করবে। ন্যাশনাল এয়ার সার্ভিস হজ-পূর্ব ফ্লাইট ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শুরু করে শেষ করবে ১৯ অক্টোবর। এ ছাড়া, তাদের হজ-পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ হবে। ২০১২ সালের হজপালন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম। সভায় বিমানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, সৌদি এরাবিয়ান এয়ারলাইনস ও ন্যাশনাল এয়ার সার্ভিসের প্রতিনিধিদের কাছ থেকে ২০১২ সালের হজযাত্রী পরিবহনের জন্য হজ-পূর্ব ও হজ-পরবর্তী ফ্লাইট শিডিউল অনুমোদন করা হয়। এ বছর মোট এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজব্রত পালন যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন দুই হাজার ৯৬৫ জন।