প্রথম ৬ মাসের বাজেটের অগ্রগতির প্রতিবেদন সংসদে আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অধিবেশনেই ২০০৯-১০ অর্থবছরে বাজেটের গত ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। আগামী সপ্তাহে অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুসারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিবেদনটি সংসদে পেশ করবেন। বাংলাদেশের ইতিহাসে সংসদে এ ধরনের ঘটনা এটাই প্রথম।আজ সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় আগামী সপ্তাহে এ প্রতিবেদন উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আবদুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু এবং জাতীয় পার্টির এইচ এম এরশাদ সভায় অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন।সভায় জানানো হয়, সংসদের চলতি অধিবেশন আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময় বৃদ্ধি করতে পারবেন।সভায় জানানো হয়, ৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের ১৮৭ জন সাংসদ মোট ৩০ ঘণ্টা ২১ মিনিট আলোচনা করেছেন। এ আলোচনা ১১ মার্চ পর্যন্ত চলবে।জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদকে অবহিত করতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এ নিয়ে সংসদে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, যাতে করে আগামী ছয় মাস আরও ভালোভাবে বাজেটের অর্থ বাস্তবায়ন করা যায়।বৈঠক শেষে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আইন হওয়ার পর এবারই প্রথম বাজেটের প্রথম ছয় মাসের অগ্রগতি সংসদকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে এ ব্যাপারে অর্থমন্ত্রীকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করেছেন। আগামী সপ্তাহেই অর্থমন্ত্রী এ প্রতিবেদন দেবেন।