প্রথমবার অনুপস্থিতরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, তাঁরা ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় পুনঃভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। প্রথম পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবারও তা সংগ্রহ করতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে আজ রোববার পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পুনঃভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।সভা সূত্র জানায়, গত ২৮ অক্টোবরের ভর্তি পরীক্ষায় এক হাজার ৫৮০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাঁদের তালিকা ওয়েবসাইটে (gaunit.univdhaka.edu) দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো অবস্থাতেই মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। কোনো পরীক্ষার্থীর কাছে এসব পাওয়া গেলে তাঁকে তাত্ক্ষণিক বহিষ্কার করা হবে।পরীক্ষার আসন বিন্যাস ওয়েবসাইট ও গণমাধ্যমে যথাসময়ে প্রকাশ করা হবে।গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটে ৯৮০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয় এবং দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হন। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল থাকার অভিযোগ করেন। বিষয়টি সাংবাদিকেরা কর্তৃপক্ষের নজরে আনলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর আবার ফল প্রকাশ করা হয়। এ পর্যায়ে উত্তীর্ণ হন ছয় হাজার ৯৪ জন। এ ফলাফলে প্রথমবার মেধা তালিকার সামনের দিকে থাকা ১৯৪ জন শিক্ষার্থী তালিকার পেছনে চলে যান। আর ৩৯ জন অকৃতকার্য হন। কয়েক শ শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর রাতে ডিনস কমিটির জরুরি সভায় দ্বিতীয়বারের ফল বাতিল করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে ৭ ডিসেম্বর আপিল বিভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন।