প্রথমবারের মতো ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ
দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডে এ পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটররা। বেলা ১১টায় পাওয়া শেষ খবর পর্যন্ত, কোনো ধরনের বিপত্তি ছাড়াই ভোট গ্রহণ চলছিল।সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাখন লাল দে। ভোট দিয়ে বাইরে এসে তিনি বলেন, ‘এ পদ্ধতিতে ভোট দেওয়াই ভালো। ঝামেলা নেই।’ একই কেন্দ্রে ভোট দিতে আসা শান্তি নামের এক নারী ভোটারও এ পদ্ধতিতে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রিসাইডিং কর্মকর্তা আনন্দ কুমার রাহা জানান, এই কেন্দ্রে ব্যালট বাক্স ও ইভিএম—দুই পদ্ধতিতেই ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো ভোটার ব্যালট বাক্সে ভোট দেয়নি। সবাই ইভিএমে ভোট দিয়েছেন।