বিডিআর বিদ্রোহের বিচারের ইতিহাসে প্রথমবারের মতো একজন আসামি সাময়িক মুক্তি (প্যারোলে) পেয়েছেন। তিনি সেপাই ইমরান হোসেন। বাবার মৃত্যুর কারণে সাত দিনের সাময়িক মুক্তির জন্য আবেদন জানালে তাঁকে দুই দিনের জন্য পুলিশ প্রহরায় মুক্তি দেওয়া হয়। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-১১ আজ সোমবার এ আদেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ। আজ ওই আদালতে সেক্টর সদর দপ্তরের ৮৪ জন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা চলে। আজ তিনজন সাক্ষ্য দিয়েছেন। আর ২৯ আসামি সাক্ষীদের জেরা করেছেন।বিশেষ আদালত-১১ আজ সকাল সোয়া নয়টায় শুরু হয়ে চলে বেলা সোয়া একটা পর্যন্ত। পরে আদালত আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।এদিকে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে পিলখানা সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ে ১১১ জন আসামির বিরুদ্ধে আগামী ১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৯-এর সভাপতি ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম আজ সোমবার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। আদালত-৯-এ আজ সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।