প্রথমবারের মতো দেখা মিলবে আরাধ্য বচ্চনের!
গত বছরের ১৬ নভেম্বর বচ্চন পরিবারের নতুন অতিথি আরাধ্য বচ্চনের জন্মের পর থেকেই তাঁকে নিয়ে লুকোচুরি খেলছেন বচ্চন পরিবারের সদস্যেরা। আরাধ্যকে এক নজর দেখার জন্য সবার মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও, এখন পর্যন্ত জনসমক্ষে আনা তো দূরের কথা তার একটি ছবি পর্যন্ত প্রকাশ করা হয়নি। অবশেষে সবার সে কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। দুবাইয়ের একটি অনুষ্ঠানে আরাধ্যকে প্রথমবারের মতো জনসমক্ষে আনবেন মা ঐশ্বরিয়া রাই বচ্চন।একটি অনুষ্ঠানে যোগ দিতে শিগগিরই দুবাই যাচ্ছেন ঐশ্বরিয়া, আর তাঁর সফরসঙ্গী হচ্ছে আরাধ্য। ইতিমধ্যেই আরাধ্যর পাসপোর্টও করানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে, মায়ের সঙ্গে দেশের বাইরে পা রাখবে সে। আর এমনটা হলে প্রথমবারের মতো আরাধ্যকে দেখার সুযোগ পাবেন সবাই। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।কিছুদিন আগে আরাধ্যকে নিয়ে গোয়ায় অবকাশ যাপনে গিয়েছিলেন বাবা অভিষেক আর মা ঐশ্বরিয়া। কিন্তু কঠোর গোপনীয়তার কারণে সে সময় সাধারণ মানুষ আরাধ্যকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তবে এবারে দুবাইয়ে আরাধ্যকে দেখার সুযোগ মিলবে, এমনটাই প্রত্যাশা সবার।