রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটিসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন টেলিটক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জমা নেওয়া হবে। আর ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ২ নভেম্তর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় মোট ১৭টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে।ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্রের জন্য একটি বিভাগের ইউনিটের জন্য ১৫০ টাকা, দুটি বিভাগের ইউনিটের জন্য ২০০ টাকা, তিনটি বিভাগের ইউনিটের জন্য ২৫০ টাকা, চারটি বিভাগের ইউনিটের জন্য ৩০০ টাকা ও পাঁচটি বিভাগের ইউনিটের জন্য ৩৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.২৫ করে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। আর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।উপাচার্য এম আবদুস সোবহান জানান, ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্যাদি সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.ru.ac.bd) মাধ্যমে যথাসময়ে প্রকাশ করা হবে।