প্রথমা প্রকাশন পেল বাংলা একাডেমীর পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে বেশিসংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য প্রথমা প্রকাশন পেয়েছে বাংলা একাডেমী প্রবর্তিত ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’। দেশের প্রকাশনাশিল্পের সার্বিক মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে যে কার্যক্রম শুরু করেছিল প্রথমা প্রকাশন, দুই বছরের মাথায় এই পুরস্কার পাওয়ায় তার স্বীকৃতি মিলল।গত বৃৃহস্পতিবার একাডেমীর নববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে ১০ দিনব্যাপী ‘বইয়ের আড়ং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। বইয়ের আড়ংয়ের উদ্বোধন করেন ড. আকবর আলি খান।চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় সর্বাধিক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য প্রথমা প্রকাশনের সঙ্গে মাওলা ব্রাদার্সকেও এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বাংলা একাডেমীর মনোগ্রাম-সংবলিত স্মারক ও সনদ প্রদান করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।সকালে একাডেমীর নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় বর্ষবরণ সংগীতের মধ্য দিয়ে। ‘প্রেক্ষিত পহেলা বৈশাখ ১৪১৮: বাঙালির অতীত ও ভবিষ্যৎ’ শীর্ষক স্মারক বক্তব্য দেন ড. আকবর আলি খান। তিনি বলেন, ‘বাঙালির ভৌগোলিক অস্তিত্বের প্রতি হুমকি আসছে সব দিক থেকে। বাংলার দক্ষিণ ও মধ্য অঞ্চলের দিগন্তে আজ জলবায়ু পরিবর্তনের অশনিসংকেত। উত্তর, পূর্ব ও পশ্চিমে নদীর প্রাকৃতিক প্রবাহ বারবার অবরুদ্ধ হচ্ছে; অববাহিকার উজানে চলছে স্পর্শকাতর বনাঞ্চল ধ্বংসের দক্ষযজ্ঞ। এহেন অতি নাজুক পরিস্থিতিতে ১৬ কোটির বেশি মানুষের মৌলিক চাহিদা মেটাতে হবে। এখন টিকে থাকার প্রথম শর্ত হলো, নিজের শক্তিতে বলীয়ান হতে হবে। আজ তাই বাঙালির সবচেয়ে বড় প্রয়োজন শক্তিশালী সংগঠন।’পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, সুষমা দাস, মকবুল হোসেন, সুজিত মোস্তফা, ইয়াকুব আলী খান, ছায়া রানী সরকার, শারমিন সাথী ইসলাম এবং ভূপতিভূষণ বর্মার পরিচালনায় ভাওয়াইয়া সংগীত সংগঠন।বিকেলে যৌথভাবে বাংলা একাডেমী এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন মাননীয় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বৈশাখী মেলা ও বইয়ের আড়ং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।