প্রথমার প্রথম বইমেলা
রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার সেমিনারকক্ষে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের সপ্তাহব্যাপী বইমেলা। আজ বুধবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন কথাশিল্পী সেলিনা হোসেন ও সৈয়দ মনজুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন, সহযোগী সম্পাদক সোহরাব হাসান এবং প্রকাশক, নবীন-প্রবীণ লেখক ও পাঠকেরা উপস্থিত ছিলেন।মেলা উদ্বোধন করতে গিয়ে সেলিনা হোসেন বলেন, ‘উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে কম দামে বই কিনতে পারার সুুযোগ পাওয়া কম নয়। বইকে পাঠকের হাতে নিয়ে যেতে হয়। প্রথমার এই মেলা পাঠকের হাতের কাছে বই নিয়ে যেতে সাহায্য করবে। আমি এই মেলার সাফল্য কামনা করছি।’সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বই পড়ার চর্চা অনেক পরিবারে কমে গেছে। দৃশ্যমাধ্যমের প্রাবল্যে পড়ার সংস্কৃতি হারাচ্ছে। প্রথমার বইমেলা নতুন নতুন পাঠক তৈরিতে সাহায্য করবে এবং প্রকাশনাগুলো ঘরে ঘরে পৌঁছে বাংলা সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাবে—এমনটাই আমার বিশ্বাস।’‘প্রথম আলো’র যুগ্ম সম্পাদক আনিসুল হক বলেন, ‘প্রথমার বইমেলায় কম দামে বই বিক্রি হচ্ছে। অতএব, আমাদের উচিত হবে কথা কম বলে কম দামে বই কিনে নেওয়া।’২০০৯ সালে যাত্রা শুরুর পর প্রথমা প্রকাশনের এটাই প্রথম একক বইমেলা। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ শতাংশ কমিশনে বিক্রি হবে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে। বইমেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার বন্ধ।