প্রথমার ‘অনন্য জীবনানন্দ’ এবার সেরা বই
সদ্য সমাপ্ত ২০১২ সালের বাংলা একাডেমীর অমর একুশের গ্রন্থমেলায় সেরা বইয়ের পুরস্কার পেয়েছে অনন্য জীবনানন্দ। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। গতকাল বুধবার বিকেলে মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সেরা মানের গ্রন্থ বিভাগে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’-এর জন্য অনন্য জীবনানন্দ বইটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন পুরস্কারের ক্রেস্ট এবং বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান সনদপত্র তুলে দেন প্রথমার নির্বাহী কর্মকর্তা জাফর আহমদের হাতে। মার্কিন লেখক ক্লিন্টন বি সিলির এ পোয়েট অ্যাপার্ট গ্রন্থটি অনন্য জীবনানন্দ নামে অনুবাদ করেছেন ফারুক মঈনুদ্দীন। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। এর আগের বছর, ২০১১ সালে প্রথমা প্রকাশন অমর একুশের গ্রন্থমেলায় সর্বাধিক মানসম্মত বই প্রকাশের জন্য ‘মুনীর চৌধুরী পুরস্কার’ পেয়েছিল।প্রথমা প্রকাশন এবার নিয়ে তৃতীয়বারের মতো মেলায় অংশ নিল। এবারের মেলায় প্রথমা প্রবন্ধ, উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ, সাহিত্য সমালোচনা, ভ্রমণ, অনুবাদ, শিশুদের বইসহ বিচিত্র বিষয়ে ৩৮টি নতুন বই প্রকাশ করেছে।প্রথমা থেকে প্রকাশিত হরিশংকর জলদাসের নিম্নবর্গের মানুষের জীবনযাপন নিয়ে উপন্যাস রামগোলাম এবারের মেলায় সেরা উপন্যাস হিসেবে ‘সিটি-আনন্দ আলো’ সাহিত্য পুরস্কার পেয়েছে। এ ছাড়া প্রথম আলোর উপসম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবার কথাসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে শিশুসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক ছড়াকার আখতার হুসেন। এবারের অমর একুশের গ্রন্থমেলায় সাড়া জাগানো উপন্যাসটিও প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটনাবহুল জীবনের জানা-অজানা নানা দিক অবলম্বনে যারা ভোর এনেছিল উপন্যাসটি লিখেছেন আনিসুল হক।