মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে ইটলসের রায়ের পর কিছু না জেনেই ধন্যবাদ জানিয়েছিল বিএনপি। কিন্তু ওই রায় নিয়ে ‘শুভংকরের ফাঁকি আছে জানতে পেরে শুভ কামনা ফিরিয়ে নিয়েছে প্রধান বিরোধী দল।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন। তিনি এদিন দৈনিক আমার দেশ আয়োজিত ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা-সংক্রান্ত রায়ে প্রাপ্তি-অপ্রাপ্তি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রসঙ্গত, গত ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মিয়ানমারের বিরুদ্ধে জিতেছে বাংলাদেশ। এ রায়ের ফলে ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে।মির্জা ফখরুল বলেন, ‘সমুদ্রজয়ের পর সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ, এটি পুরো দেশকে নাড়া দিয়েছিল। এ নিয়ে যে প্রচার শুরু হয়েছিল, তাতে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তাই কিছু না জেনেই ধন্যবাদ দিয়েছিলাম।’তাত্ক্ষণিকভাবে সরকারকে ধন্যবাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ধন্যবাদ এ জন্যই জানিয়েছি যে আমরা প্রমাণ করতে চেয়েছি, আমরা সবকিছু রাজনীতিকরণ করি না। মনে হয়েছে, যদি জয় হয়ে থাকে, তাহলে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ধন্যবাদ দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেতা সংসদে সরকারকে এবং আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছিলাম।’মির্জা ফখরুল বলেন, ‘পরে বিশেষজ্ঞদের লেখা পড়ে যে তথ্য উপাত্ত জেনেছি, তা থেকে বুঝতে পেরেছি, এটা শুভংকরের ফাঁকি। তাই আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করেছি।’ তিনি বলেন, গত সাড়ে তিন বছরে সরকার এতটাই প্রতারণা করেছে যে জনগণ তাদের কোনো কথাই আর মন থেকে বিশ্বাস করতে চায় না। প্রধানমন্ত্রী যখন ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয়ের জন্য আবার ভোট চাইলেন, তখনই ‘সমুদ্রজয়ের’ আসল রহস্য স্পষ্ট হয়ে উঠেছে।মির্জা ফখরুলের অভিযোগ, জনগণের দৃষ্টি দেশের প্রকৃত সমস্যা থেকে সরিয়ে দিতে সরকার সমুদ্রজয়ের প্রচারের মাধ্যমে গর্হিত অপরাধ করছে। তিনি বলেন, জনগণ বিদ্যুত্-পানি-গ্যাস পাচ্ছে না, সীমান্তে প্রতিনিয়ত নাগরিকদের হত্যা করছে বিএসএফ, আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আর সরকার উত্সব করে সবকিছু ঢাকতে চাইছে।সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার আগে সরকারের আরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, প্রধানমন্ত্রীকে কেউ বোধহয় এটা বলেছেন যে ‘সমুদ্রজয়’ বলাটা ঠিক হচ্ছে না। তাই তিনি সম্প্রতি আওয়ামী লীগের একটি সভায় মন্তব্য করেছেন, এ রায়ে দুই পক্ষের জয় হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার দেখানোর চেষ্টা করছে, মহা বিজয় হয়েছে আর বিরোধী দল বলছে, মহা পরাজয় ঘটেছে। আসলে সত্যটা হচ্ছে মাঝখানে। এ রায়ে দুই দেশের জয় হয়েছে। কোনো দেশই তাদের দাবি যেভাবে করেছিল, সেভাবে পায়নি।গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়টি মিয়ানমারের জন্য ঐতিহাসিক এক বিজয়, বাংলাদেশ জন্য নয়।দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় গোলটেবিলে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, সাবেক সচিব আ ন হ আখতার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন, অধিকারের সম্পাদক সেক্রেটারি আদিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, অধ্যাপক বোরহান উদ্দীন খান প্রমুখ।