প্রথমে গুলি করার কথা স্বীকার করলেন টিটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় যুবদলের সম্মেলনস্থলে প্রথমে গুলি করেন মো. রিপন হাসান ওরফে টিটু (২২) নামে এক যুবক। তিনি পর পর তিনটি গুলি ছোড়েন। দুই হাজার টাকা ভাড়ায় ওই দিন অস্ত্রবাজিতে যোগ দেন টিটু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার শাকতলা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) কার্যালয়ে টিটুকে হাজির করা হলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় তালিকাভুক্ত আসামি কায়সার আহমেদকে আজ রাত আটটার দিকে শহরের ছোটরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শহরের কালিয়াজুরি এলাকায়।র‌্যাব-১১-এর অধিনায়ক মেজর সালাউদ্দিন ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে টিটু সাংবাদিকদের বলেন, জেলা যুবদলের একটি পক্ষের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা তরিক আহমেদ এবং তাঁর খালাতো ভাই অমির কাছ থেকে অস্ত্র নেন তিনি। সংঘর্ষের ঘটনার পর একটি জাতীয় দৈনিকে অস্ত্রধারীদের যে ছবি ছাপা হয়, সেখানে নিজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন টিটু। ছবিতে টিটুর বাম হাতের কনুইয়ের ওপরের অংশে গভীর কাটা দাগ দেখা যায়। এর সত্যতার প্রমাণ মিলেছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকার দৌলতপুর চৌমুহনী থেকে টিটুকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। টিটুর বাড়ি কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায়। র‌্যাব-১১ কুমিল্লার গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, টিটু ঘটনার দিন একটি এলজি ব্যবহার করেন। ওই এলজিতে তিনটি গুলি ছিল। তিনি টাউন হল মাঠে এসব গুলি ছোড়েন। গুলি করার কথা স্বীকার করে টিটু জানান, তিনি ওই অস্ত্র বিকেল তিনটার দিকে তরিক আহমেদ ও অমির কাছে ফেরত দেন। টিটু আরও জানান, ওই সংঘর্ষের সময় কমপক্ষে ৫০ জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এসআই সাইফুল ইসলাম জানান, টিটুর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রয়েছে। এবার তাঁকে পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে আসামি করা হয়েছে।এ ব্যাপারে কথা বলার জন্য আজ সন্ধ্যায় যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তরিক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে টিটুকে এলজি দেওয়া-নেওয়ার ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. শাহ জাহান কবির রাতে প্রথম আলোকে জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুটি মামলার তালিকাভুক্ত আসামি কায়সার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, অন্য অস্ত্রধারীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।