জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা সাভার উপজেলা প্রশাসনের চারজন কর্মকর্তাকে আজ মঙ্গলবার কার্যালয়ে তাঁদের আসনে পাওয়া গেছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মতিন সরকারকে তাঁর নির্ধারিত আসনে পাওয়া যায়নি। ঢাকা-১৯ আসনের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ আজ সকালে উপজেলা পরিষদে দলীয় কার্যালয় বানিয়ে সেখানে নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন। বৈঠকে চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের দ্বন্দ্ব, কর্মকর্তাদের থানায় করা জিডি, এ বিষয়ে আজ প্রথম আলোতে প্রকাশিত খবরসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সেখানে কিছু সময়ের জন্য সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বী মিয়া উপস্থিত ছিলেন। এর আগে পাঁচ কর্মকর্তার মধ্যে তিনজনকে নিয়ে রাব্বী মিয়া তাঁর কার্যালয়ে কথা বলেন। তবে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। এদিকে উপজেলা চেয়ারম্যান ফিরোজ করিমকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কর্মকর্তাদের জিডি অত্যন্ত অসম্মানজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাব। এরপর দল এবং উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে ঢাকা জেলার আওয়ামী লীগের সহসভাপতি আশরাফউদ্দিন খান বলেছেন, মুষ্টিমেয় কয়েকজনের কাছে সাভারের সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীরা জিম্মি হয়ে পড়েছেন। সরকারি কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এসব অপতত্পরতা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্র জানায়, সাভার উপজেলা আওয়ামী লীগ এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, তাঁর সঙ্গে আছেন সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল গনি। আরেক পক্ষে আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির। তবে সাংসদের পক্ষই বেশি সক্রিয়।