প্রথমে ডাকাতি, পরে গোপন রাখার শপথ
সিলেটের সেনপাড়ায় কয়েকজন অস্ত্রধারী এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আলী আজম বলেন, ডাকাতি করে চলে যাওয়ার সময় পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী তাঁর এক হাত সন্তানের মাথায় এবং অন্য হাত পবিত্র কোরআন শরিফ রেখে ঘটনাটি কাউকে না বলতে ‘শপথ’ করায়।পুলিশ ও ব্যবসায়ী আলী আজমের পরিবারের সদস্যরা জানান, ভোররাত প্রায় সাড়ে পাঁচটার দিকে নগরের সেনপাড়ার ওই বাড়িতে দরজা ভেঙে একদল মুখোশধারী ঢোকে। এ সময় মুখোশধারীরা আলী আজমের দুই সন্তানের গলায় ছুরি ধরে। মুখোশধারীদের মধ্যে দুজনের হাতে পিস্তল ও কাটা রাইফেল ছিল। তারা বাসার জিনিসপত্র তছনছ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়।বাড়িওয়ালা রাবেয়া মুত্তালিব বলেন, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র তাঁর বাসা ও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। আতঙ্ক ছড়াতে তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুটপাটকারীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়েছে।