প্রথমে দেবে থিওরি, শেষে চূড়ান্ত হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাহিসাববিজ্ঞান বিষয়ে ভালো নম্বর অর্জন করতে হলে তত্ত্বীয় অংশ ও প্রায়োগিক অংশের জন্য ভাগ করে নিতে হবে। তত্ত্বীয় অংশ: তত্ত্বীয় অংশে ভালো করার জন্য সংজ্ঞায় দু-একজন মনীষীর উদ্ধৃতি উল্লেখ করতে পার। এ ছাড়া ক্ষেত্রবিশেষে দু-একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে। পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর করার জন্য এক পৃষ্ঠা এবং দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য লেখা সুন্দরভাবে লিখবে। প্রায়োগিক অংশ : জাবেদায় বিশেষ কয়েকটি লেনদেনের দিকে লক্ষ রাখতে হবে। যেমন—অনাদায়ী পাওনা, বাট্টা, অবচয়, চেক প্রদান, চেক প্রাপ্তি, ব্যক্তিগত খরচ পরিশোধ, নিজ প্রয়োজনে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন ইত্যাদি। নগদান বহির উত্তর করার জন্য খেয়াল রাখতে হবে, মাত্র দুটি লেনদেন কন্ট্রা হয়। একটি হলো ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন এবং অন্যটি হলো ব্যাংকে চেক বা টাকা জমা দেওয়া। এ ছাড়া কোনো ব্যক্তির কাছ থেকে চেক পেয়ে অন্য ব্যক্তিকে দিলে উভয় দিকে নগদের ঘরে বসে। ধারে ক্রয় ও বিক্রয় নগদান বহিতে আসে না। রেওয়ামিলের (পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে) ক্রেডিটে যেকোনো সঞ্চিতি বসে। শিক্ষানবিশ ভাতা ডেবিট এবং শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। সঠিকভাবে স্থানান্তরের পরও রেওয়ামিলের উভয় দিক সমান না হলে যেদিকে যত কম থাকে সেদিকে তত টাকা লিখে উভয় দিকের যোগফল সমান করে দেখাতে হয়। চূড়ান্ত হিসাব অংশ: চূড়ান্ত হিসাবের সমন্বয় লিখনের জন্য খেয়াল রাখতে হবে যে প্রতিটি সমন্বয় হিসাবে দুই বা চারবার বসবে। রেওয়ামিলের প্রতিটি টাকা হিসাবে একবার বসবে। সমন্বয়ে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি উল্লেখ থাকলে বিবিধ দেনাদার থেকে অনাদায়ী পাওনা বাদ দিয়ে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে। ধারে ক্রয়, ক্রয়+বিক্রয় হিসাবের ডেবিটে ক্রয়ের সঙ্গে যোগ হয় এবং উদ্বৃত্ত পত্রের দায় পাশে বিবিধ পাওনাদারের সঙ্গে যোগ হয়। আবার ধারে বিক্রয়, ক্রয়-বিক্রয় হিসাবের ক্রেডিটে বিক্রয়ের সঙ্গে যোগ হয় এবং সম্পদ পাশে বিবিধ দেনাদারের সঙ্গে যোগ হয়। শিক্ষানবিশ ভাতা লাভ-ক্ষতি হিসাবের ডেবিটে বসে এবং শিক্ষানবিশ সেলামি লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিটে বসে। বিশেষভাবে লক্ষ রাখতে হবে, রেওয়ামিলে বকেয়া ও অগ্রিম উল্লেখ থাকলে হিসাবে একবার লিপিবদ্ধ হবে। অতিরিক্ত মূলধন আনয়নের তারিখ উল্লেখ থাকলে সে অনুযায়ী মূলধনের সুদ ধার্য করা হয়। তারিখ উল্লেখ না থাকলে বিনিয়োগ ও সঞ্চয়পত্রের ওপর এক বছরের সুদ ধার্য করা হয়। বিনিয়োগ ও সঞ্চয়পত্রের ওপর যে সুদ লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিটে যোগ হয় সে পরিমাণ সুদ উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে বসে। ঋণের ক্ষেত্রে যে পরিমাণ সুদ লাভ-ক্ষতি হিসাবের ডেবিটে যোগ হয় সে পরিমাণ সুদ উদ্বৃত্তপত্রের দায় পাশে বসে।