প্রথমেই রবিনহুডের দুধ কিনবেন মতিলাল
নেত্রকোনার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামের দরিদ্র মতিলাল রবিদাসের শিশুটির জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে। এর মধ্যে প্রথম আলো ডটকমের সহূদয় পাঠকদের পাঠানো অর্থের একটি অংশ মতিলালের হাতে তুলেও দেওয়া হয়েছে। বাবা মতিলাল ও মা বাসন্তী সন্তানকে নিয়ে দেখছেন নতুন স্বপ্ন। টাকা পেয়ে মতিলাল বলেন, ‘এই টাকা দিয়া প্রথমেই ছেলের জন্য দুধ কিনবাম। সেই সঙ্গে রবিনহুড ও তার মায়ের চিকিত্সা করামো।’গত বৃহস্পতি ও শুক্রবার রাতে প্রথম আলো ডটকমে যথাক্রমে ‘ছেলের দুধের জন্য...’ এবং ‘শিশুটির পাশে দাঁড়াতে চান যাঁরা...’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন পড়ে প্রথম আলো ডটকমের সহূদয় পাঠকেরা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশুটির পাশে দাঁড়ান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, হংকং, ব্রুনাই, দুবাই, মালয়েশিয়া, বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন দেশ থেকে অনেকে রবিনহুডের পাশে দাঁড়াতে চেয়ে এখনো যোগাযোগ রাখছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও স্পেনের প্রবাসী কয়েকজন পাঠক এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুরসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যাংক ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন। এ অবস্থায় বিকাশের মাধ্যমে পাঠানো অর্থের মধ্যে নয় হাজার ২৯৬ টাকা ওঠানো হয়েছে। পরে গতকাল রোববার মতিলালের হাতে তা তুলে দেওয়া হয়েছে। ওই দিন বেলা ১১টার দিকে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম মতিলালের হাতে ওই টাকা তুলে দেন।এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক সুশীল চন্দ্র কর্মকার ও সাবেক জ্যেষ্ঠ শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ প্রথম আলোর কেন্দুয়া প্রতিনিধি শেখ কামাল উপস্থিত ছিলেন। টাকা পেয়ে মতিলাল রবিদাস বলেন, ‘এই টাকা দিয়া প্রথমেই ছেলের জন্য দুধ কিনবাম। সেই সঙ্গে রবিনহুড ও তার মায়ের চিকিত্সা করামো।’ রূপালী ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউল হক জানান, মতিলালের ব্যাংক হিসাবে (সঞ্চয়ী হিসাব নম্বর-৬০১৩) টাকা পাঠানো অব্যাহত রয়েছে।মতিলাল রবিদাসের ছোট্ট সন্তানটির পাশে দাঁড়াতে চান যাঁরা, তাঁদের জন্য আরও একবার সঞ্চয়ী হিসাব নম্বরটি দেওয়া হলো: মতিলাল রবিদাস, সঞ্চয়ী হিসাব নম্বর-৬০১৩, রূপালী ব্যাংক (কেন্দুয়া শাখা)।