প্রদর্শনীতে গাড়ির নাড়ি—নক্ষত্র
এখানে না এলে বোঝাই যেত না, গাড়ির আগাগোড়ায় কত কী থাকে আর কত কী লাগে। ইঞ্জিনের পিস্টন থেকে শুরু করে আস্ত গাড়ি পর্যন্ত—সবকিছু নিয়ে হাজির হয়েছিলেন মেলায় অংশগ্রহণকারীরা। শুধু নামী-দামি কোম্পানির গাড়িই নয়, অ্যালয় হুইল, অটো এয়ারকন্ডিশন, ফিল্টার, সিএনজি সিলিন্ডার, টায়ার, কার ডিজাইন গ্রাফিক্স, ইঞ্জিন বেল্ট, রেডিয়েটর, কার ট্র্যাকার, ব্যাটারি, ইলেকট্রিক মোটরসাইকেল এমনকি হেলমেট পর্যন্ত ঠাঁই পেয়েছিল এই প্রদর্শনীতে। সিইএমএসের আয়োজনে পঞ্চম গাড়ির প্রদর্শনী ছিল এটি। গত ১৮ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় ২০ তারিখে।মেলার মূল আকর্ষণ ছিল মূলত আনকোরা নতুন গাড়িগুলো। কোনো রিকন্ডিশন গাড়ি ঠাঁই পায়নি বলে অনেকেই আগ্রহী হয়ে এসেছিল হাল মডেলের গাড়ি দেখতে। এমন না যে সবাই গাড়ি কিনেছে বা কিনতে পেরেছে, কিন্তু গাড়ি ভালোবাসে আর এই মেলায় এসে আনন্দ পায়নি, এ রকম ব্যক্তি পাওয়া যাবে কি না সন্দেহ। বিশেষ করে, দেড় কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জের সুদর্শন গাড়িটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছে। হাইব্রিড গাড়ি নিয়েও অনেকের মধ্যে কাজ করেছে আগ্রহ। তেল ও বিদ্যুতে সমানতালে চলা এই গাড়িগুলোই যে আসলে ভবিষ্যতের পরিবেশবান্ধব বাহন হবে, সেটা বুঝতে পেরেই দর্শক খোঁজ-খবর করে গেছে এ ধরনের গাড়ির।গাড়ি আর গাড়ির যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ছাড়াও গাড়ির মালিকদের সংগঠন কিংবা গাড়িসংক্রান্ত তথ্যের ওয়েবসাইট নির্মাতারা হাজির ছিলেন এই মেলায়। পাশাপাশি গাড়ি চুরি ঠেকানোর প্রযুক্তি নিয়েও হাজির ছিল কয়েকটি কোম্পানি।ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান, জার্মানি আর দুবাই থেকেও কয়েকটি প্রতিষ্ঠান এসেছিল এখানে।কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আরও বড় আকারে, আরও বেশি অংশগ্রহণকারীকে সঙ্গে নিয়ে দর্শকের সামনে হাজির হবে তারা।—কাওছার শাকিল