প্রদর্শনীতে লোকজ নৌকা
ছোট ছোট কাঠের টুকরো দিয়ে নৌকা বানাচ্ছিলেন সিরাজগঞ্জের বাঞ্চা সূত্রধর। তবে এই নৌকা আকারে অনেক ছোট। নৌকা বানানোর কলাকৌশল দেখানোই তাঁর উদ্দেশ্য। পাশেই নৌকার ছইসদৃশ ছোট একটি ঘর রয়েছে। ঘরের সামনে মাটির চুলা, হাঁড়ি রয়েছে। একসময় যাঁরা নৌকা তৈরি করতে বিভিন্ন এলাকায় যেতেন,তখন তাঁরা এভাবেই ঘর বানিয়ে থাকতেন। বাঞ্চা সূত্রধর সেই পরিবেশই ফুটিয়ে তুলেছেন জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলছে ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী’। আয়োজন করছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ।জাতীয় জাদুঘরের মূল ফটক পেরোলেই গ্যালারির সামনে নৌকার বিশাল এক ‘ছই’ চোখে পড়ে। এটা নৌকার ওপরের ছাউনি। সাধারণত বড় কোনো নৌকার ভেতর যা যা থাকে, তার সবই আছে এখানে। তার মধ্যে মাটির চুলা, মাটির হাঁড়ি, দোয়াতবাতি, মসলা বাটার শিলপাটা, মাছধরার জাল, খালই, বৈঠাসহ আরও অনেক উপকরণ রাখা। ছইয়ের ভেতর দিয়েই প্রদর্শনী কক্ষে ঢুকতে হয়। ঢুকতেই চোখে পড়ে বিশাল এক গাছের অংশ। এর মাথায় রয়েছে করাত। কীভাবে গাছ কেটে কাঠ চিরে নৌকা বানানো হয়, দেখানো হয়েছে তা-ই। গ্যালারি জুড়ে আছে হরেক রকমের নৌকার ক্ষুদ্র সংস্করণ। এসব নৌকা দেশের কোন অঞ্চলে চলাচল করত তাও লেখা রয়েছে নৌকার নামের পাশে। পাবনার ডিঙি, পানশি, মালার, কোষা, বরিশালের বাজিপুরি, খুলনার পদি, ময়মনসিংহের ময়ূরপঙ্খি, চাঁদপুরের পালকি ও ঘাসি, ফরিদপুরের পটল ও বিক, চট্টগ্রামের সাম্পান, শুলুক, সিলেটের গসতি, গোপালগঞ্জের করপাই, গাইবান্ধার ফেটি, সাভারের পালোয়াড়ি, বাইদের নৌকা, পানটাই, নারায়ণগঞ্জের রপ্তানি নৌকা, রাজশাহী ও কিশোরগঞ্জের গয়নাসহ আরও অনেক নৌকা ঠাঁই পেয়েছে গ্যালারিতে। রাজশাহীর ‘জোরা নৌকা’ সহজেই দৃষ্টি আকর্ষণ করছে। বাঁশ দিয়ে তৈরি পাবনার রাফট নৌকার সৌন্দর্যও কম নয়। গাজীপুরের ‘ডঙ্গা’ নৌকা অন্যগুলোর থেকে একটু ভিন্ন। কক্ষের একপাশে আটটি নৌকা বৃত্তাকার আকৃতি করে রাখা হয়েছে। বেলাশেষে মাঝিরা ঘাটে নৌকা এভাবেই বেঁধে রাখেন। এখানে নৌকা নিয়ে একটা তথ্যচিত্রও দেখানো হচ্ছে দর্শনার্থীদের। নৌকার পাশাপাশি রয়েছে কিছু চিত্রকর্ম। রয়েছে একটি বিশাল নৌকার ধ্বংসপ্রাপ্ত অংশ।রয়েছে মালামালসহ পালতোলা নৌকা। এ ছাড়া নৌকা চালাতে যা যা লাগে, তার সবই শোভা পাচ্ছে প্রদর্শনীতে।নৌকার এ প্রদর্শনী দেখতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়মন। তিনি বলেন, ‘ঢাকা শহরে যারা থাকে তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। কেননা তারা নৌকা সম্পর্কে খুব একটা জানে না। এত নৌকা দেখে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে আরও আগ্রহ সৃষ্টি হচ্ছে।’ ইডেন কলেজের আঁখি বলেন, ‘অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সব বাসায় নিয়ে সাজিয়ে রাখি।’ নারায়ণগঞ্জ থেকে মঞ্জুরুল হাসান সস্ত্রীক প্রদর্শনী দেখতে এসেছিলেন। তিনি বলেন, ‘দেশীয় শিল্প নিয়ে এই প্রদর্শনী করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। এত নৌকা আগে চিনতাম না, নামও শুনিনি। এ রকম দেশীয় সংস্কৃতির আয়োজন বেশি বেশি করে করা উচিত।’আকারে এসব নৌকা অনেক ছোট হলেও বিভিন্ন ডিজাইনে কোনো ভুল নেই বলে জানান আয়োজনকারী সংস্থার কর্মকর্তা রূপা রহমান। তিনি আরও জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী এসব নৌকা হারিয়ে যেতে বসেছে। নগরবাসীর সঙ্গে এসব নৌকার পরিচয় ঘটাতে এবং দেশীয় ঐতিহ্য ধরে রাখতেই এই প্রদর্শনীর আয়োজন। তাদের সংগঠনের নিজস্ব কারিগর দিয়ে এসব নৌকা তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছা করলে মনোমুগ্ধকর এসব নৌকা কিনতেও পারবেন। তবে সে জন্য প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, বিদেশে তাঁদের তৈরি নৌকা বিক্রি করা হয়।বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকার প্রদর্শনী চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার প্রদর্শনী বন্ধ। মার্চ মাসের শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা এবং এপ্রিলের শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। উভয় মাসেই শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।